Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

আপত্তিকর ভিডিও ফাঁসের পর অভিনেতার ইঙ্গিতপূর্ণ বার্তা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম

আপত্তিকর ভিডিও ফাঁসের পর অভিনেতার ইঙ্গিতপূর্ণ বার্তা

বিজ্ঞাপন

দীর্ঘদিন সামাজিক মাধ্যমে অনুপস্থিত থাকার পর নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছেন ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতার নতুন পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি ধারাবাহিকটির সেট থেকে একটি ছবি প্রকাশ করেন তিনি। তবে ছবির সঙ্গে দেওয়া ক্যাপশন ঘিরেই তৈরি হয়েছে কৌতূহল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছিলেন পাভেল। এরপর বেশ কিছুদিন তাকে সামাজিক মাধ্যমে সক্রিয় দেখা যায়নি। ঘটনার এক মাসেরও বেশি সময় পর নতুন ছবি প্রকাশের মধ্য দিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।

সম্প্রতি প্রকাশিত ছবিতে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সেটে একটি কালো রঙের ম্যানিকুইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পাভেলকে। ধারাবাহিকটিতে পাশা ভাই চরিত্রে অভিনয় করা মারজুক রাসেলের কক্ষে সাধারণত ম্যানিকুইনটি দেখা যায়।

পুতুলটির গায়ে নীল কাপড়, মুখে জোকারের মুখোশ এবং পরনে ব্যাঙের ছাপযুক্ত আন্ডারওয়্যার রয়েছে। ছবিতে ম্যানিকুইনটির দিকে হাস্যরসাত্মক ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখা যায় অভিনেতাকে।

ছবিটির ক্যাপশনে পাভেল লেখেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল ম্যাঙ্গো মাদার কুইন সন।’ তবে এই বক্তব্যের মাধ্যমে কাদের উদ্দেশে কী বলতে চেয়েছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। ফলে পোস্টটি নিয়ে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

পাভেলের এই নতুন পোস্টের তাৎপর্য স্পষ্ট না হলেও দীর্ঘ বিরতির পর তার সামাজিক মাধ্যমে ফিরে আসার বিষয়টি নজর কেড়েছে। সাম্প্রতিক বিতর্কের পর প্রকাশ্যে তার এমন উপস্থিতি ঘিরে আলোচনা তৈরি হয়েছে বিনোদন অঙ্গনেও।

‘মীরাক্কেল’ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’

সাইদুর রহমান পাভেলের পরিচিতি গড়ে ওঠে দুই বাংলার বিনোদন অঙ্গনে। ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দ্বিতীয় রানারআপ হন তিনি। এই প্রতিযোগিতায় সাফল্যের পর দেশে ফিরে স্টেজ শো এবং অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার গড়ার চেষ্টা করেন।

নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু হয় পাভেলের। এরপর বিভিন্ন নাটকে কাজ করলেও তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য পরিবর্তন আসে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পাওয়ার পর।

ধারাবাহিকটিতে ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। বিশেষ করে ‘বজরা বাজারের জাকির’ হিসেবে তার সংলাপ ও অভিনয়ের ধরন দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায়। এই চরিত্রের সুবাদে ছোটপর্দায় নিজের আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হন পাভেল।

তবে সাম্প্রতিক বিতর্ক তার সেই পরিচিতির বাইরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ বিরতির পর সামাজিক মাধ্যমে তার প্রত্যাবর্তন এবং নতুন পোস্ট ঘিরে তৈরি হওয়া কৌতূহলের মধ্যে এখনো নিজের বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেননি অভিনেতা। আপাতত তার প্রকাশিত ছবিটি নিয়েই চলছে আলোচনা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার