বিজ্ঞাপন
অভিনয়ের বাইরে নতুন যে পেশায় যুক্ত হলেন প্রভা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
বিজ্ঞাপন
একসময় মডেলিং ও অভিনয়েই ব্যস্ত সময় কাটত সাদিয়া জাহান প্রভার। টেলিভিশন নাটক ও টেলিফিল্মে নিয়মিত অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি।
তবে ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে এই অভিনেত্রীকে। ব্যক্তিগত জীবনের নানা ঘটনা, সামাজিক সমালোচনা ও অনলাইন হয়রানি পেরিয়ে এখন নিজের মতো করে জীবন সাজিয়েছেন প্রভা।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে করপোরেট জগতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। বর্তমানে এটিই তার প্রধান ব্যস্ততা।
ফলে অভিনয়কে আর আগের মতো প্রধান পেশা হিসেবে দেখছেন না, বরং দ্বিতীয় পছন্দ হিসেবে বিবেচনা করছেন।
ভালো গল্প, ব্যতিক্রমী চরিত্র এবং উপযুক্ত সম্মানী পেলে তবেই অভিনয়ে যুক্ত হতে চান তিনি। নিয়মিত অভিনয়ে ফেরার বিষয়ে কোনো তাড়াহুড়োও নেই তার।
তবে অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি প্রভা। ইতোমধ্যে দুটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করেছেন তিনি। এর একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমা দুটিতে যুক্ত হওয়ার কারণও জানিয়েছেন অভিনেত্রী।
প্রভা বলেন, ‘সিনেমা দুটির গল্প ও আমার চরিত্র পছন্দ হয়েছে বলে এর সঙ্গে যুক্ত হয়েছি। তবে শুটিং পুরোপুরি শেষ হয়নি। এখনও কিছু অংশের শুটিং বাকি রয়েছে। চলতি বছরের মধ্যেই এটি শেষ হয়ে যাবে।’
সিনেমার পাশাপাশি ওটিটি ও টেলিভিশনেও কাজ করছেন তিনি। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘লুক আ লাইক’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন প্রভা।
আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘পরের মেয়ে’তে দেখা যাচ্ছে তাকে।
প্রভার বর্তমান জীবনযাপনের সঙ্গে অতীতের অভিজ্ঞতার রয়েছে দীর্ঘ যোগসূত্র। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে ২০১০ সালের আগস্টে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে ভালোবেসে বিয়ে করেন তিনি।
সে সময় বিনোদন অঙ্গনে এই জুটিকে নিয়ে ছিল ব্যাপক আলোচনা। বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যেত তাদের।
কিন্তু বিয়ের পরপরই ব্যক্তিগত জীবনের একটি ঘটনা নিয়ে বিতর্কের মুখে পড়েন প্রভা। তার সাবেক প্রেমিকের ছড়িয়ে দেওয়া ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর প্রভাব পড়ে তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে অপূর্বর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তার।
ঘটনার পর মানসিক ও সামাজিক চাপের কারণে কিছুদিন অভিনয় ও গণমাধ্যম থেকে দূরে ছিলেন প্রভা। পরে ২০১২ সালে ব্যবসায়ী মাহমুদ শান্তকে বিয়ে করেন তিনি।
তবে সেই সম্পর্কও স্থায়ী হয়নি; ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। ব্যক্তিগত জীবনের এসব ঘটনার প্রভাব তার পেশাগত পথচলাতেও পড়ে। কয়েক দফা বিরতির পর আবারও অভিনয়ে ফেরেন তিনি।
‘সিকান্দার বক্স’ সিরিজসহ বিভিন্ন একক ও ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের অবস্থান ফিরে পান প্রভা। তবে অনলাইনে ভুয়া খবর, অপপ্রচার ও সাইবার বুলিংয়ের অভিজ্ঞতাও বারবার মোকাবিলা করতে হয়েছে তাকে।
২০২৩ সালে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। আগে নেতিবাচক মন্তব্যের আশঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও ভিডিওর মন্তব্য সীমিত রাখতেন।
এখন সেই অবস্থান থেকে সরে এসে নিজের ব্যক্তিগত মুহূর্ত, ছবি, ভিডিও ও অভিজ্ঞতা প্রকাশ করছেন নিয়মিত। অন্যায়ের প্রতিবাদেও সরব হয়েছেন তিনি।
জীবনের নানা উত্থান-পতনের পর এখন পেশা ও ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিজের মতো করে নিচ্ছেন প্রভা। অভিনয়ে কাজের সুযোগ থাকলেও সেটিকে আর একমাত্র পেশা হিসেবে দেখছেন না তিনি।
বরং করপোরেট দায়িত্ব পালনের পাশাপাশি পছন্দের গল্প ও চরিত্রে অভিনয় করেই সামনে এগোতে চান এই অভিনেত্রী।