বিজ্ঞাপন
নতুন দায়িত্বে জয়া আহসান, যা বললেন ভিডিও বার্তায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ এএম
বিজ্ঞাপন
রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’। প্রতিযোগিতার সিজন ৯-এ বিচারকের আসনে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।
এক ভিডিও বার্তায় খবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
এর আগে রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নার অনুষ্ঠানে এবারই প্রথম বিচারকার্যে দেখা যাবে জয়া আহসানকে।
ভিডিও বার্তায় এই অভিনেত্রী বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন তাদের জন্য এই আয়োজন।
২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগিরই দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।
জয়া আহসানের সঙ্গে সেরা রাঁধুনীর নতুন এই সিজনে বিচারক হিসেবে থাকবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র এবং শাহিদ শাহিন। ইতোমধ্যে শুরু হয়েছে সেরা রাঁধুনী সিজন ৯-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। অনুষ্ঠানটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।
উল্লেখ্য, এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ‘সেরা রাঁধুনী’ আট সিজনের চারটিতেই বিচারকের আসনে দেখা গেছে চিত্রনায়িকা পূর্ণিমাকে। গত সিজনেও তিনি প্রতিযোগীদের রান্না চেখে নির্বাচন করেছেন সেরাদের।