বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি ভুয়া ছবি, ভিডিও ও কণ্ঠস্বর নিয়ে উদ্বেগ বাড়ছে শোবিজ অঙ্গনে। তারকাদের পরিচয় ব্যবহার করে তৈরি হচ্ছে নানা ধরনের বিকৃত কনটেন্ট।
অনুমতি ছাড়া এসব কনটেন্ট ছড়িয়ে পড়ায় অনেকেই আইনি পদক্ষেপ নিচ্ছেন। এবার নিজের ডিজিটাল স্বত্বা সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন।
এ মামলার শুনানি হয়েছে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের একক বেঞ্চে। শুনানির সময় ব্যক্তিস্বত্বার অধিকারসংক্রান্ত আইনি প্রশ্নের বিষয়ে প্রাসঙ্গিক আদালতের রায়, গবেষণাপত্র ও অন্যান্য নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। কৃতির আইনজীবীদের এসব নথি জমা দিতে বলা হয়েছে।
অভিনেত্রীর আইনজীবীদের দেওয়া রায় ও গবেষণাপত্র পর্যালোচনার পর এ বিষয়ে বিস্তারিত আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বর্তমানে তারকাদের নাম, ছবি ও পরিচয় অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে ব্যবহারের ঘটনা বাড়ছে। এআইয়ের সাহায্যে তৈরি হচ্ছে ডিপফেক ভিডিও ও ডিজিটাল ছদ্মপরিচয়।
এমনকি ভুয়া পণ্যের প্রচারেও ব্যবহার করা হচ্ছে তারকাদের পরিচয়। এসব ঘটনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন অনেকেই। কৃতির আগেও একাধিক তারকা নিজেদের নাম, চেহারা ও কণ্ঠের সুরক্ষা চেয়ে আদালতের সহায়তা নিয়েছেন।
এদিকে কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। গত ১৯ জুন মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। সিনেমাটির গল্পের দুর্বলতা নিয়েও সমালোচনা হয়েছে। এতে কৃতির সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।