বিজ্ঞাপন
বিচ্ছেদের পর শেহতাজের প্রথম পোস্ট, ৯ ঘণ্টায় ৪৬ হাজার প্রতিক্রিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম
বিজ্ঞাপন
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত জানানোর পর থেকে অনেকটাই নীরব ছিলেন অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন নিয়ে নানা আলোচনা ও কৌতূহলের মধ্যেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি প্রকাশ করেছেন তিনি। প্রকৃতির সান্নিধ্যে কাটানো মুহূর্তের ছবিগুলো প্রকাশের পর আবারও আলোচনায় এসেছেন শেহতাজ।
সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে খোলা প্রান্তর ও প্রকৃতির মাঝে সময় কাটাতে দেখা যায় তাকে। পোস্টের সঙ্গে আবহসংগীত হিসেবে ব্যবহার করেছেন সেন্ট অ্যাভানজেলিনের ‘লিলিল’ গানটি।
তবে নতুন এই পোস্টে ব্যক্তিগত জীবন কিংবা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেননি শেহতাজ। প্রকৃতির মাঝে কাটানো সময়ের ছবিগুলোই নজর কেড়েছে তার অনুসারীদের। পোস্টটি প্রকাশের ৯ ঘণ্টার মধ্যে এতে প্রায় ৪৬ হাজার প্রতিক্রিয়া পড়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতম হাসান ও শেহতাজ। সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম এবং অভিনেত্রী শেহতাজ গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান।