Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

যুবককে হেনস্তার দায়ে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

যুবককে হেনস্তার দায়ে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিজ্ঞাপন

পুরোনো এক মামলায় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ২০১০ সালের একটি রিয়েলিটি শোকে কেন্দ্র করে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন উত্তর প্রদেশের ঝাঁসির একটি আদালত। দীর্ঘ ১৬ বছর আগের ওই ঘটনায় এবার আদালতে হাজির হওয়ার বাধ্যবাধকতার মুখে পড়েছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০১০ সালে। ঝাঁসির প্রেম নগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক ব্যক্তি পারিবারিক বিরোধের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নেন।

অভিযোগ, অনুষ্ঠানে সবার সামনে লক্ষ্মণকে নিয়ে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছিলেন রাখি। এর পর থেকে মানসিক অবসাদ ও সামাজিক হেনস্থার শিকার হন ওই যুবক। একই বছরের নভেম্বরে তার মৃত্যু হয়।

লক্ষ্মণের মৃত্যুর পর তার মা রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগ আনা হয়।

দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। ওই মামলার বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এবার রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব গণমাধ্যমকে জানিয়েছেন, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় রাখি সাওয়ান্তকে শিগগিরই আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে।

দীর্ঘদিন আগের এই মামলার কারণে নতুন করে আইনি চাপে পড়লেন বলিউডের এই অভিনেত্রী। তবে মামলাটির পরবর্তী কার্যক্রমে আদালত কী সিদ্ধান্ত নেন, এখন সেদিকেই নজর রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার