বিজ্ঞাপন
বিদেশে গিয়ে হেনস্তার শিকার গায়িকা ইমন চক্রবর্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান করতে গিয়ে বিমান সংস্থার কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী।
তার অভিযোগ, নিউ জার্সিতে দুর্গোৎসবের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ডালাস বিমানবন্দরে তিনি ও তার দলের সদস্যরা হেনস্তার শিকার হন। এ ঘটনায় নির্ধারিত ফ্লাইটে উঠতে না পেরে ভোগান্তিতে পড়েন শিল্পী ও তার কলাকুশলীরা।
ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসেন ইমন। তিনি জানান, নির্ধারিত সময়েই ডালাস বিমানবন্দরে পৌঁছেছিলেন তারা।
কিন্তু আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ওঠার ঠিক আগে কোনো সন্তোষজনক কারণ না দেখিয়েই তাদের বোর্ডিংয়ে বাধা দেওয়া হয়।
এ সময় বিমান সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ করেন গায়িকা।
তার ভাষ্য অনুযায়ী, প্রতিবাদ জানাতে গিয়ে কর্মীদের কাছ থেকে অশোভন আচরণের শিকার হন তারা। এমনকি গেট থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
ইমন আরও জানান, তার দলের সদস্যদের পেশাগত কাজে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। যাত্রাপথে কিংবা ট্রানজিটের সময় বাদ্যযন্ত্র ভেঙে গেলে তার দায়ভার বা ক্ষতিপূরণ বিমান সংস্থা নেবে না বলে জানানো হয়।
এতে উদ্বেগের মধ্যে পড়েন দলের সদস্যরা। সব মিলিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত নির্ধারিত ফ্লাইটটি মিস করেন তারা।
পরে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার কথা জানানো হলেও নতুন ফ্লাইটে আসন নিশ্চিত করা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ফলে অনুষ্ঠান ঘিরে তৈরি হয় দুশ্চিন্তা।
তবে নানা ভোগান্তি পেরিয়ে শেষ পর্যন্ত দলের সদস্যদের নিয়ে ফিলাডেলফিয়ায় পৌঁছাতে সক্ষম হয়েছেন ইমন চক্রবর্তী। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়ে গায়িকা বলেন,
‘আমরা নিরাপদে ফিলাডেলফিয়া পৌঁছে গিয়েছি। আজ রাতে মঞ্চে পারফর্ম করার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’
বিমানবন্দরের এই অভিজ্ঞতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শেষ পর্যন্ত নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন ইমন ও তার দল।