Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

‘ওরা আমাকে বিক্রি করে দিয়েছে’ মনামীর আকুতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৫ এএম

‘ওরা আমাকে বিক্রি করে দিয়েছে’ মনামীর আকুতি

বিজ্ঞাপন

বিগ বস বাংলার ঘরে প্রতিযোগীদের মধ্যে সম্পর্কের সমীকরণ ক্রমেই জটিল হচ্ছে। একসময় নন্দিনী দত্তের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও এখন নিজের দলের সদস্যদের কাছেই উপেক্ষিত বোধ করছেন অভিনেত্রী মনামী ঘোষ।

সাম্প্রতিক ক্যাপ্টেন্সি টাস্কে তাকে পরিকল্পনা করে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। এ নিয়ে অভিনেতা ভরত কলের সামনে আবেগপ্রবণ হয়ে পড়েন মনামী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘ওরা আমাকে বেচে দিয়েছে ভরত দা।’

বিগ বসের নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে ক্যাপ্টেন নির্বাচনের জন্য প্রতিযোগীদের অংশ নিতে হয় বিশেষ টাস্কে। সেই টাস্কে জয়ী ব্যক্তি এক সপ্তাহের জন্য ঘরের দায়িত্ব পান। মঙ্গলবারের ক্যাপ্টেন্সি টাস্কেও তার ব্যতিক্রম হয়নি।

ভরত কল ছাড়া অন্য সব প্রতিযোগী এতে অংশ নেন। কয়েক ধাপের লড়াই শেষে প্রতিযোগিতায় টিকে থাকেন দুর্নিবার সাহা, তনুশ্রী রায় দাস, সোনামণি সাহা ও রাজবীর দে। এই চারজনের মধ্য থেকেই নতুন ক্যাপ্টেন নির্বাচিত হওয়ার কথা ছিল।

কিন্তু টাস্কের প্রথম পর্ব শেষ হতেই সামনে আসে অন্য এক সমীকরণ। জানা যায়, নন্দিনী ও নিরঞ্জনের মধ্যে আগে থেকেই একটি গোপন সমঝোতা হয়েছিল। নিরঞ্জনের ইচ্ছা ছিল দুর্নিবারকে ক্যাপ্টেন করা।

সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নন্দিনীর সঙ্গে আলোচনা করে মনামীসহ কয়েকজন প্রতিযোগীর বল ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

বিগ বসের ঘরে প্রবেশের পর থেকেই ক্যাপ্টেন হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মনামী। কিন্তু ছয় সপ্তাহ পেরিয়ে গেলেও সেই সুযোগ তার হয়নি।

এর মধ্যে ক্যাপ্টেন্সি টাস্কে নিজের দলের সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় হতাশা সামলাতে পারেননি তিনি।

ঘটনার পর ভরত কলের সঙ্গে কথা বলতে গিয়ে প্রথমেই তার প্রতি অভিমান প্রকাশ করেন মনামী। অভিনেত্রী বলেন, ‘তুমি কোনোদিন আমার জন্য চিয়ার পর্যন্ত করোনি।’

এরপর নন্দিনীর আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মনামীর অভিযোগ, যাকে একসময় কাছের মানুষ মনে করতেন, সেই নন্দিনীই তাকে আগেভাগে বিক্রি করে দিয়েছেন।

দলের সদস্যদের এমন ভূমিকা তাকে যে গভীরভাবে হতাশ করেছে, তা তার কান্না ও কথাতেই স্পষ্ট। এখন বিগ বসের ঘরে মনামী ও নন্দিনীর সম্পর্ক কোন দিকে এগোয়, সেটিই দেখার বিষয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার