Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

স্বামী-স্ত্রীর আলাদা দেশে থাকা নিয়ে যা বললেন ওমর সানী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম

স্বামী-স্ত্রীর আলাদা দেশে থাকা নিয়ে যা বললেন ওমর সানী

বিজ্ঞাপন

স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। পরিবারকে নিয়ে ভিত্তিহীন পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে চলচ্চিত্রের শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত আলোচনা এবং নারী শিল্পীদের অসম্মান করারও সমালোচনা করেছেন এই অভিনেতা।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওমর সানী। এ সময় তিনি অভিযোগ করেন, কিছু পেজ ও ব্যক্তি তাকে, তার স্ত্রী মৌসুমী এবং তাদের ছেলে-মেয়েকে নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে পরিবারকে ব্যবসার উপকরণ বানিয়েছেন। 

ওমর সানী বলেন, আমাদেরকে ক্যাশ করে কয় টাকা কামাই করবি বাবা তোরা? কী লাভ? এই টাকা কে খাবে শিয়াল-কুকুরে খাবে। আমাদেরকে একটা ব্যবসার জিনিস বানিয়ে ফেলেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। এই খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী। তিনি জানান, ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি।

পরিবারকে নিয়ে এমন প্রচারণায় সামাজিকভাবে বিব্রত হতে হচ্ছে বলে জানান এই অভিনেতা। তার ছেলে ফারদিনও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ছেলের সঙ্গে তার কথা হয়েছে। ছেলে তাকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। স্ত্রী মৌসুমীর ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত আলোচনার প্রতিবাদ জানিয়ে ওমর সানী বলেন, আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন। তা নিয়ে ভিত্তিহীন গল্প ছড়ানোর কোনো অর্থ নেই।

চলচ্চিত্রের শিল্পীদের নেতিবাচকভাবে উপস্থাপন এবং নারী শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত ও শারীরিক গঠন নিয়ে অশালীন কনটেন্ট তৈরিরও সমালোচনা করেন তিনি। এফডিসিতে শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। চলচ্চিত্রের শিল্পীদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের প্রতি আহ্বান জানান ওমর সানী। তার মতে, শিল্পীদের নিয়ে মিথ্যা তথ্য ও নেতিবাচক প্রচারণা চলতে থাকলে নতুন প্রজন্ম এই অঙ্গনে আসতে নিরুৎসাহিত হতে পারে।

নিজের ও মৌসুমীর বয়স এবং শারীরিক গঠন নিয়ে অযাচিত আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে কাউকে হেয় করা উচিত নয়। কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইতে আপত্তি নেই বলেও জানান ওমর সানী। তবে মিথ্যা প্রচারণা বন্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার