Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

থাইল্যান্ডে মেহজাবীনের যে স্বপ্ন পূরণ হলো

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম

থাইল্যান্ডে মেহজাবীনের যে স্বপ্ন পূরণ হলো

বিজ্ঞাপন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন নতুন সাফল্য। নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর বড় পর্দায়ও নিজের অবস্থান তৈরি করছেন তিনি।

পেশাগত জীবনের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত কিছু স্বপ্ন পূরণেও সময় দিচ্ছেন এই অভিনেত্রী। এবার কানাডিয়ান সংগীতশিল্পী দ্য উইকেন্ডের সরাসরি কনসার্ট উপভোগ করে পূরণ করলেন তেমনই একটি ইচ্ছা।

প্রিয় শিল্পীর গান সরাসরি শোনার অভিজ্ঞতা নিতে থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছিলেন মেহজাবীন। সেখানে দ্য উইকেন্ডের চলমান ‘আফটার আওয়ারস টিল ডন ট্যুর’-এর একটি কনসার্টে অংশ নেন তিনি।

১১, ১২ ও ১৩ অক্টোবর ব্যাংককে টানা তিনটি শো করেন এই সংগীতশিল্পী। এর মধ্যে কোনো এক দিনের কনসার্টে উপস্থিত ছিলেন অভিনেত্রী।

এই সফরে মেহজাবীনের সঙ্গী ছিলেন তার স্বামী নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীব। প্রিয় শিল্পীর কনসার্টে অংশ নেওয়ার আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ট্রানজিশন ভিডিও প্রকাশ করেন মেহজাবীন। ভিডিওতে দ্য উইকেন্ডের গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায় তাকে।

এতে হোটেলের বিছানা থেকে উঠে প্রস্তুতি নেওয়া, বিমানে যাত্রা এবং হোটেল থেকে বের হওয়ার দৃশ্যের পাশাপাশি কনসার্টের মুহূর্তও তুলে ধরেছেন তিনি।

ভিডিওর শেষ অংশে আদনান আল রাজীবের সঙ্গে কনসার্ট উপভোগ করতে দেখা যায় মেহজাবীনকে। এ সময় প্রিয় শিল্পীর গানের সঙ্গে কণ্ঠ মেলান অভিনেত্রীও।

ভিডিওটির ক্যাপশনে নিজের অনুভূতি জানিয়ে মেহজাবীন লেখেন, ‘আরো একটা স্বপ্ন পূরণ হলো—দ্য উইকেন্ডকে লাইভে দেখা ও শোনা।’

দ্য উইকেন্ডের এই সংগীত সফর শুরু হয়েছিল ২০২২ সালের জুলাইয়ে। দীর্ঘ সময় ধরে চলা এই ট্যুরের অংশ হিসেবে বিশ্বের ২৯টি দেশে প্রায় ১৭০টি কনসার্ট করেছেন তিনি।

২০২৫ সালের নভেম্বরেই এই ট্যুরের টিকিট বিক্রির আয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। বিপুল আয় ও দর্শক-শ্রোতার সাড়ায় এটি সংগীত ইতিহাসের অন্যতম সফল ট্যুর হিসেবে বিবেচিত হচ্ছে।

দ্য উইকেন্ডের প্রকৃত নাম অ্যাবেল তাসফায়ে। কানাডার এই সংগীতশিল্পী বিশ্বজুড়ে বিশেষ করে তরুণ শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়। সংগীতজীবনে চারটি গ্র্যামি অ্যাওয়ার্ড ও ২০টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে মাসিক শ্রোতার সংখ্যা ১০০ মিলিয়নে পৌঁছানো প্রথম শিল্পীও দ্য উইকেন্ড। তার ‘ব্লাইন্ডিং লাইটস’ গানটি স্পটিফাইয়ের ইতিহাসে সর্বাধিক স্ট্রিম হওয়া গানগুলোর শীর্ষে রয়েছে, যার স্ট্রিমিং সংখ্যা ৫ দশমিক ৬ বিলিয়নের বেশি। ২০২৫ সালে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সংগীতশিল্পী হিসেবেও আলোচনায় ছিলেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার