বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেয়াকে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই সাথে এ ধরনের কনটেন্ট ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন মেহজাবীন চৌধুরী।
পোস্টে তিনি লেখেন, এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেয়া কোনো বিনোদন নয়, এটি একটি অপরাধ। তবে একই কনটেন্ট যখন শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকেন, তখন বিষয়টি শুধু একজন ব্যক্তির অপরাধে সীমাবদ্ধ থাকে না; বরং আরও বড় সামাজিক সমস্যার চিত্র তুলে ধরে।
প্রশ্ন রেখে মেহজাবীন বলেন, সমাজ হিসেবে আমরা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি? তার মতে, কাউকে মানুষ হিসেবে সম্মান করতে হলে তাকে নিজের পরিবারের সদস্য হতে হবে কেন? কারও সঙ্গে এমন ঘটনা ঘটলে সেটি নিজের মা কিংবা বোনের সঙ্গে ঘটতে পারত—এভাবে ভাবার আহ্বান জানানোরও প্রয়োজন থাকা উচিত নয় বলে মনে করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ, লাইক, শেয়ার, ট্রেন্ডিংয়ে থাকা কিংবা সেখান থেকে অর্থ উপার্জনের জন্য অন্য মানুষের অপমান ও অসম্মানকে ব্যবহার করার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী।
তিনি লেখেন, অনেকের জন্য কনটেন্ট তৈরি এখন জীবিকা নির্বাহের একটি উপায়। মানুষের সংগ্রাম ও সেই বাস্তবতা তিনি অস্বীকার করেন না। তবে তার প্রশ্ন, কবে থেকে অন্য একজন মানুষের অপমান ও অসম্মান উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে?
মেহজাবীন আরও বলেন, বিষয়টি এখন শুধু নারী কিংবা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ভিউ, এনগেজমেন্ট ও ট্রেন্ডিংয়ের প্রতিযোগিতা লিঙ্গের সীমারেখা ছাড়িয়ে গেছে। ক্ষতিকর কনটেন্ট ছড়িয়ে দেয়ার অংশ হতে পারেন যে কেউ, আবার এর শিকারও হতে পারেন যে কেউ।
এ ধরনের ঘটনায় শুধু যারা মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করছেন, তাদের নিয়েই উদ্বিগ্ন নন মেহজাবীন। বরং যারা স্বেচ্ছায় সেই কনটেন্ট শেয়ার করছেন, আলোচনা করছেন এবং আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তাদের ভূমিকাও তাকে ভাবায়।
পোস্টের শেষাংশে তিনি মানুষকে নিজের বিবেক ও দায়িত্ববোধ নিয়ে ভাবার আহ্বান জানান। একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, তা ভেবে দেখার কথা বলেন এই অভিনেত্রী।