বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে এবার সরাসরি কথা বলেছেন অভিনেতা ওমর সানী।
পরিবার সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেতা।
এ সময় ক্ষোভ প্রকাশ করে ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়?’
পরিবার নিয়ে ভালো আছেন উল্লেখ করে অভিনেতা বলেন,
‘ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি। চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। নিজের কাজ নিয়েও ভালো আছি। আমি চুরি করি না। আমরা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। আমার সঙ্গে অনেকের ছবি থাকতে পারে, কিন্তু আমরা নিজেদের জায়গায় ঠিক আছি।’
পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়ে ওমর সানী বলেন, ‘আমার বেশি টাকা লাগে না। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যাওয়ার সময় এসে গেছে। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।’
এ ধরনের প্রচার থেকে কারা লাভবান হচ্ছেন, সেই প্রশ্নও তোলেন তিনি। ওমর সানী বলেন, ‘অন্য কেউ দেশের বাইরে থাকেন। এখন তো পরিবারের জন্য কিছু করার সময়! আমাদের নিয়ে এসব করে কত টাকা কামাবেন?’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন।
বিষয়টি নিয়ে অনলাইনে নানা আলোচনা ছড়িয়ে পড়ে। তবে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী।
অভিনেতার ভাষ্য অনুযায়ী, ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। তাই মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরের কোনো সত্যতা নেই বলে জানান এই অভিনেতা।
এর আগে মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ফারদিন।
নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে এসব কনটেন্ট সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দেন তিনি। পাশাপাশি পরিবারের বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন পোস্টের স্ক্রিনশটও শেয়ার করেন।
ছেলের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে ফারদিনের সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছিলেন ওমর সানী। এবার সাংবাদিকদের সামনে এসে বিষয়টি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন তিনি। পরিবারকে ঘিরে মিথ্যা তথ্য প্রচার বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও স্পষ্ট করেছেন এই অভিনেতা।