বিজ্ঞাপন
১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী, কেমন আছেন এখন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম
বিজ্ঞাপন
বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ খালেদা আক্তার কল্পনা। দীর্ঘ অভিনয়জীবনে বিশেষ করে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি।
সেই বর্ষীয়ান অভিনেতা এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন।
রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে গত ১৩ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন খালেদা আক্তার কল্পনা। তিনি ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছেন।
সোমবার (১২ অক্টোবর) তাকে দেখতে হাসপাতালে যান অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইমরান হাসো এবং সংগঠনটির আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদার।
ইমরান হাসো জানান, অসুস্থতার শুরুতে অভিনেত্রীর শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল। এমনকি চার থেকে পাঁচ দিন তিনি কথা বলতেও পারেননি। তবে বর্তমানে তার অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এ সপ্তাহের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফেরার আশা করছেন তারা। একই সঙ্গে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
হাসপাতালে খালেদা আক্তার কল্পনার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা জানিয়ে ইমরান বলেন, ‘আমাদের দেখে আন্টি অনেক খুশি হয়েছেন। শিল্পীরা শুধু সহকর্মী নন, তারা একে অপরের পরিবারেরও অংশ। সুখে-দুঃখে, বিপদে-আপদে একে অপরের পাশে থাকাই আমাদের দায়িত্ব ও ভালোবাসার বন্ধন। অভিনয়শিল্পী সংঘ সবসময় শিল্পীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
গত শতকের আশির দশকের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রে অভিষেক হয় খালেদা আক্তার কল্পনার। পরবর্তী সময়ে পার্শ্বচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন তিনি। বিশেষ করে মায়ের চরিত্রে তার অভিনয় দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পায়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন এই শিল্পী।
বর্তমানে অভিনয়ে নিয়মিত নন খালেদা আক্তার কল্পনা। শারীরিকভাবে সুস্থ থাকলে মাঝেমধ্যে নাটকে দেখা যায় তাকে। বড় পর্দায় সর্বশেষ ‘তছনছ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।