বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে বিমানে দুই ফ্লাইট অ্যাটেনডেন্টকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‘ক্রুয়েল ইনটেনশনস’ ও ‘হেলবয়’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত ৫৪ বছর বয়সী এই অভিনেত্রীকে গত রোববার (১১ অক্টোবর) রাতে আটক করা হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) কুইন্সের আদালতে সেলমার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হামলার দুটি অভিযোগ আনা হয়।
লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী ডেলটা এয়ারলাইনসের একটি বিমানে দুই ফ্লাইট অ্যাটেনডেন্টকে আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে অভিনেত্রীর প্রতিনিধিদের দাবি, বিমানে থাকা অবস্থায় তিনি গুরুতর শারীরিক সমস্যার মুখে পড়েছিলেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, হাসপাতালে নেওয়ার সময় স্ট্রেচারে থাকা সেলমাকে নিয়ন্ত্রণে রাখছিলেন এক পুলিশ কর্মকর্তা। এ সময় তিনি ওই কর্মকর্তার মুখ, ঘাড় ও বুকে একাধিকবার লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে।
এতে ওই কর্মকর্তা আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এক নার্সের বুকে লাথি মারার অভিযোগও ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে।
সোমবার আদালতে হাতকড়া পরা অবস্থায় সেলমাকে কাঁদতে দেখা যায়। বিচারক তার জামিনের অর্থমূল্য নগদ ২০ হাজার ডলার অথবা ৬০ হাজার ডলারের বন্ড নির্ধারণ করেন। মামলার পরবর্তী শুনানি আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আদালতে সেলমার আইনজীবী শন বার্নস দাবি করেন, তার মক্কেলের আচরণ ইচ্ছাকৃত ছিল না। মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত অভিনেত্রী স্নায়বিক উপসর্গ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ওষুধের কয়েকটি ডোজ বাদ দিয়েছিলেন বলে জানান তিনি।
পাশাপাশি বিমানে মাথায় আঘাত পাওয়া এবং অতিরিক্ত কাজের চাপের কারণে সেলমা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন বলেও দাবি করেন আইনজীবী।
বিমানটিতে ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানের পাইলটের কথোপকথনেও এক যাত্রীর মাথায় আঘাত পাওয়ার বিষয়টি উঠে এসেছে।
এর আগেও বিমানে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছিল সেলমার। ২০১৬ সালে অ্যালকোহলের সঙ্গে ওষুধ মিশিয়ে পান করার পর বিমানে জ্ঞান হারানোর ঘটনায় ক্ষমা চেয়েছিলেন তিনি।
পরে ২০১৮ সালে তার মাল্টিপল স্ক্লেরোসিস শনাক্ত হয়। এরপর থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখেছেন এই অভিনেত্রী।