Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

শুটিং সেটে গুরুতর আহত প্রিয়ন্তী উর্বী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম

শুটিং সেটে গুরুতর আহত প্রিয়ন্তী উর্বী

বিজ্ঞাপন

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।

এতে নাকে গুরুতর আঘাত পান অভিনেত্রী। পরে তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে প্রিয়ন্তী জানিয়েছেন, ঘটনাটি ছিল তার জন্য ভীষণ ভীতিকর ও যন্ত্রণাদায়ক। তবে এ ঘটনায় শুটিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে দায়ী করছেন না তিনি।

দুর্ঘটনার বিবরণ দিয়ে অভিনেত্রী জানান, নাটকের একটি দৃশ্যে তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হয়েছিল। সে সময় অন্যরা বেডটি টেনে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন।

দৃশ্যটির ক্লোজ শট নেওয়ার জন্য চিত্রগ্রাহক বেডের ওপর উঠে তার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন। শুটিং চলাকালে হঠাৎ বেডটি ঝাঁকি খেলে ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ প্রিয়ন্তীর মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়ন্তী লেখেন, ‘গতকাল শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর!’

অভিনেত্রী জানান, দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না। এমনকি কথা বলতেও পারছিলেন না। তীব্র ব্যথায় কষ্ট পাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে এক্স-রে করানোর পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তিনি।

তবে এই দুর্ঘটনার জন্য কারও প্রতি অভিযোগ নেই প্রিয়ন্তীর। তার মতে, শুটিংয়ে সবাই নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করছিলেন। এটি ছিল অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। কিন্তু ঘটনাটি তার সঙ্গে ঘটেছে, আর সেই আঘাতের যন্ত্রণা তাকে সহ্য করতে হচ্ছে।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়ে প্রিয়ন্তী আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আরও অনেক বড় কিছু হতে পারত। আমার নাক ভাঙেনি, তবে অনেক ফুলে গেছে। ছবিতে জুম করলে হয়তো বুঝতে পারবেন।’

দুর্ঘটনার পর পুরোপুরি সুস্থ হওয়ার আগেই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। আঘাতের যন্ত্রণা নিয়েই আবার শুটিংয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

শুটিংয়ে যুক্ত ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রিয়ন্তী বলেন, বিপদ কখনো বলে আসে না। সবাই সতর্ক থাকার পরও কখন, কীভাবে দুর্ঘটনা ঘটে যায়, তা আগে থেকে বোঝা সম্ভব নয়।

এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার