বিজ্ঞাপন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার ম্যান’ অভিনেতা টোবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
বিজ্ঞাপন
প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন বিয়েতে আনুষ্ঠানিকতা পরিচালনার দায়িত্ব পালন করেছেন ‘স্পাইডার ম্যান’খ্যাত হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। শনিবার, ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের লানাই দ্বীপে ফোর সিজনস রিসোর্টে সংগীত ব্যবসার নির্বাহী জিওফ্রি ওগুনলেসিকে বিয়ে করেন এই অলংকার ডিজাইনার। টোবি ও জেনিফারের আইনি বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ পরই এই অনুষ্ঠান হলো।
পিপল ম্যাগাজিনের হাতে আসা বিয়ের ছবির বরাতে ইউএস উইকলি জানিয়েছে, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি নবদম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন টোবি। প্রকাশিত ছবিতে নবদম্পতির পাশে তাঁকে কাগজ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জেনিফারের পরনে ছিল সাদা বিয়ের পোশাক, আর ওগুনলেসি পরেছিলেন কালো টাক্সেডো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউড ও ব্যবসাজগতের কয়েকজন পরিচিত মুখ। তাঁদের মধ্যে লিওনার্দো ডিক্যাপ্রিও, কেট হাডসন, কোর্টনি কক্স, র্যাচেল জো, জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোসের নাম জানিয়েছে এন্টারটেইনমেন্ট উইকলি।
টোবি ও জেনিফার ২০০৭ সালে বিয়ে করেন। নয় বছরের দাম্পত্যের পর ২০১৬ সালে তাঁরা আলাদা হওয়ার ঘোষণা দেন। এরপর জেনিফার ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তবে তাঁদের বৈবাহিক সম্পর্কের আইনি অবসান হয় ২০২৬ সালের সেপ্টেম্বরে। ফলে আলাদা থাকার শুরু এবং বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার মধ্যে প্রায় এক দশকের ব্যবধান ছিল।
এই সাবেক দম্পতির দুই সন্তান রুবি ও ওটিস। আলাদা হওয়ার পরও সন্তানদের বড় করার দায়িত্বে দুজনের সহযোগিতামূলক সম্পর্ক বজায় ছিল। ইউএস উইকলির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের বাবা দিবসের এক পোস্টেও সন্তানদের বাবা হিসেবে টোবির প্রশংসা করেছিলেন জেনিফার।
জেনিফারের নতুন স্বামী জিওফ্রি ওগুনলেসি দ্য ওগুনলেসি গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। তিনি নাইজেরীয় বংশোদ্ভূত আইনজীবী ও বিনিয়োগ ব্যাংকার আদেবায়ো ওগুনলেসির ছেলে। জেনিফার ও জিওফ্রি ২০২৩ সালের নভেম্বরে একটি অনুষ্ঠানের লালগালিচায় একসঙ্গে উপস্থিত হন। ২০২৪ সালের আগস্টে তাঁদের বাগদান হয়। চলতি বছর তাঁদের একটি মেয়েসন্তানও জন্মেছে।