বিজ্ঞাপন
কঙ্গনার আপত্তিকর ভিডিও ভাইরাল, আদালতে অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও, ছবি ও ভুয়া তথ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
এসব কনটেন্টের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে এবং ব্যক্তিসত্তার অধিকার লঙ্ঘিত হচ্ছে- এমন অভিযোগে দিল্লি হাই কোর্টে মামলা করেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দায়ের করা মামলার শুনানিতে কঙ্গনার আইনজীবী তার বিরুদ্ধে প্রচারিত যৌন হেনস্থামূলক ভিডিও, আপত্তিকর পোস্ট, ভুয়া খবর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্টের বিষয়টি তুলে ধরেন। এসব কনটেন্টের কারণে অভিনেত্রীর সম্মানহানি হচ্ছে বলে আদালতে অভিযোগ জানানো হয়।
কঙ্গনার পক্ষ থেকে অনলাইনে ছড়িয়ে পড়া আপত্তিকর ও বিভ্রান্তিকর উপাদান সরিয়ে ফেলার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, তার পরিচয় ও ব্যক্তিসত্তার অধিকার সুরক্ষায় আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
প্রযুক্তির অপব্যবহার করে তার পরিচিতি ও ভাবমূর্তির ক্ষতি করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন অভিনেত্রী।
তবে অনলাইনে ছবি, পরিচয় ও ব্যক্তিসত্তার অপব্যবহার ঠেকাতে আদালতের শরণাপন্ন হওয়া তারকাদের তালিকায় কঙ্গনা নতুন নন।
এর আগে একই ধরনের অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান এবং অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও অভিনেতা পবন কল্যাণ।
এদিকে, অভিনয়ে কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিতে। চলতি বছরের জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।