বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শুটিং চলাকালে শিল্পীর সম্মতি ছাড়া সাক্ষাৎকারের জন্য সাংবাদিকদের ডাকার বিষয়ে আপত্তি জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ঢাকার দিয়াবাড়ীতে নতুন সিনেমার শুটিংয়ে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রযোজক আব্দুল আজিজ।
তবে এ বিষয়ে আগে থেকে কিছু জানতেন না নুসরাত ফারিয়া। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।
ফেসবুক পোস্টে সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, শুটিং চলাকালে কোনো প্রযোজক, পরিচালক কিংবা প্রোডাকশন হাউস সাংবাদিকদের আমন্ত্রণ জানালে, কী উদ্দেশ্যে তাদের সেখানে ডাকা হচ্ছে, তা আগে নিশ্চিত হওয়া প্রয়োজন।
এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আপনাদের ক্যামেরা, বুম বা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে নিজেদের প্রচার ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য? নাকি কোনো শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলে আপনাদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে?’
নুসরাতের মতে, কোনো শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলে সাংবাদিকদের শুটিং স্পটে আমন্ত্রণ জানানো হলে সেখানে যাওয়ার আগে সংশ্লিষ্ট শিল্পীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করা উচিত। ওই শিল্পী সাক্ষাৎকারের বিষয়ে জানেন কি না, সে বিষয়েও স্পষ্ট ধারণা থাকা জরুরি।
তিনি বলেন, ‘একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, যে শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলা হচ্ছে, তার কাছ থেকে আদৌ এ বিষয়ে সম্মতি নেওয়া হয়েছে কি না।’
শুটিংয়ের সময় শিল্পীরা তাদের কাজের প্রতি দায়বদ্ধ থাকেন উল্লেখ করে নুসরাত ফারিয়া বলেন, সিনেমা বা কোনো নির্দিষ্ট প্রকল্পের শুটিং চলাকালে কাজের বাইরে সাক্ষাৎকার দেওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। এ ক্ষেত্রে শিল্পীর সম্মতি ও প্রস্তুতি থাকা প্রয়োজন।
একই সঙ্গে কোনো পক্ষের বক্তব্য শুনেই পুরো ঘটনাকে সত্য বলে ধরে না নেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, কোনো ঘটনার পেছনে এমন অনেক বাস্তবতা থাকতে পারে, যা বাইরে থেকে সহজে বোঝা সম্ভব নয়।
পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, ‘অনেক সময় পর্দার আড়ালের ঘটনাগুলো আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে প্রকৃত সত্যটি আড়ালেই থেকে যায়।’