বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হলিউডের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘স্ক্রিম’-এ অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা সি ডব্লিউ মরগান আর নেই। ৭২ বছর বয়সে মারা গেছেন তিনি। গত ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবন থেকে মরগানের মরদেহ উদ্ধারের পর পুলিশ বিষয়টি তদন্ত করে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার একমাত্র মেয়ে রেনাটা ম্যাকফি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সঙ্গে শৈশবের একটি ছবি প্রকাশ করে আবেগঘন স্মৃতিচারণ করেন তিনি।
রেনাটা লেখেন, ‘এই পোস্টের জন্য কোনোদিনই সঠিক শব্দ খুঁজে পাব না। তোমার চলে যাওয়া হৃদয়ের গভীরে বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। তোমাকে বড্ড মিস করছি।’
বাবার সঙ্গে কাটানো নানা মুহূর্তের স্মৃতিও তুলে ধরেন তিনি। রেনাটা আরও লেখেন, ‘আমাদের মালহোল্যান্ড ড্রাইভের লং ড্রাইভ আর স্টারবাক্সের আড্ডাগুলো আমি সারাজীবন টিকিয়ে রাখব। তোমাকে বাবা হিসেবে পেয়ে আমি ধন্য। শান্তিতে ঘুমাও বাবা। তোমার কৌতুকগুলো ছাড়া জীবন আর আগের মতো থাকবে না—যেগুলো আমি তোমার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছি।’
মেয়ের এই আবেগঘন পোস্টে বাবার প্রতি ভালোবাসা ও তাকে হারানোর গভীর বেদনা ফুটে উঠেছে।
১৯৫৪ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বিসবিতে জন্মগ্রহণ করেন কার্টিস ওয়েড মরগান। পরবর্তী সময়ে সি ডব্লিউ মরগান নামে পরিচিতি পাওয়া এই অভিনেতা ৩৭ বছর বয়সে অভিনয়জগতে পা রাখেন। এনবিসির টক রেডিও ড্রামা ‘মিডনাইট কলার’-এর মাধ্যমে তার অভিনয়জীবনের সূচনা হয়। ১৯৯১ সালে প্রচারিত সিরিজটির দুটি পর্বে আল হেইনি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
তবে ১৯৯৬ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় হরর সিনেমা ‘স্ক্রিম’ তার ক্যারিয়ারে বিশেষ পরিচিতি এনে দেয়। ছবিটিতে তিনি হ্যাংক লুমিস চরিত্রে অভিনয় করেন। গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বিলি লুমিসের বাবা ছিলেন হ্যাংক। ছবিতে তার উপস্থিতি সীমিত হলেও ‘স্ক্রিম’-এর সঙ্গে যুক্ত হওয়ার কারণে হরর সিনেমার দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।
‘স্ক্রিম’ পরবর্তী সময়ে হরর ঘরানার অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচিতি পায়। এর প্রথম ছবিতে অভিনয়ের সুবাদে সি ডব্লিউ মরগানের নামও সিনেমাটির সঙ্গে যুক্ত হয়ে থাকে।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন মরগান। সেখানে নিজের নানা অভিজ্ঞতা ও ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নিতেন তিনি। তার মৃত্যুর খবরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকলেও ‘স্ক্রিম’-এর হ্যাংক লুমিস চরিত্রের জন্যই বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন সি ডব্লিউ মরগান। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি ভক্তদের মধ্যেও শোক ছড়িয়ে পড়েছে।