বিজ্ঞাপন
কেন হলিউডের সুযোগ ফিরিয়ে দিয়েছেন, জানালেন মালয়েশিয়ার এই অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ এএম
বিজ্ঞাপন
নৈতিকতা ও মূল্যবোধের সঙ্গে আপস না করতে চাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডে একাধিক লোভনীয় কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মালয়েশীয় টিভি ব্যক্তিত্ব ও অভিনেত্রী চে পুয়ান সারিমাহ ইব্রাহিম।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন ৪৮ বছর বয়সী সারিমাহ। সেখানে মালয়েশিয়ার আরেক অভিনেত্রী শারিফাহ হানিসিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে কাজের বিষয়ে পরামর্শ দিতে গিয়ে তিনি জানান, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ওয়েনসডে’-এর জন্য তার ডাক এসেছিল এবং তিনি শর্টলিস্টেও ছিলেন। তবে সেই দৃশ্যের একটি শর্ত ছিল—অন্য এক অভিনেতার সঙ্গে তাকে ক্লোজআপ ও স্লো-মোশনে গভীর চুম্বনের দৃশ্যে অভিনয় করতে হবে। এই কারণে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন।
তিনি আরও জানান, নিকোল কিডম্যানের আলোচিত সিরিজ ‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জারস’-এর জন্যও তাকে শর্টলিস্ট করা হয়েছিল। কিন্তু সেখানেও চুম্বনের দৃশ্য ও বিকিনি পরার শর্ত থাকায় তাকে না বলতে হয়েছিল।
অন্য একটি পোস্টে তিনি যোগ করেন, ‘আমাদের সবার গঠন ও দৃষ্টিভঙ্গি আলাদা। কাউকে কোনো বিচার করছি না। এমন আরও অনেক সুযোগ এসেছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলো—সেগুলোতে কোনো না কোনো ধরনের ‘ঘনিষ্ঠ’ দৃশ্য ছিল, যেখানে কোনো ‘বডি ডাবল’ ব্যবহার করার সুযোগ ছিল না। কারণ আমরা হলিউড বা যুক্তরাজ্যের এ-লিস্টের কেউ নই।’
গত ৭ অক্টোবর মালয়েশিয়ার বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানায়, সামিরার হার্ভার্ড মেডিকেল স্কুলের উইমেনস হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রামে পড়াশোনা শুরু করতে যাচ্ছেন। এক বছরের এই কোর্সটি অনলাইন ও খণ্ডকালীন। তার উদ্দেশ্য শুধু ব্যক্তিগত জ্ঞান বাড়ানো নয়; একজন অভিনেতা হিসেবে মানুষের শরীর, আবেগ ও জীবনের বিভিন্ন পর্যায় সম্পর্কে আরও গভীরভাবে বোঝা।