বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্ত্রীর অসুস্থতার মধ্যেও গভীর রাতে পরোটা ও মাংস খাওয়ার আবদারের ঘটনা তুলে ধরে সমালোচনার মুখে পড়েছেন মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে দেওয়া তার বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
তবে এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুকিত। তার দাবি, সাক্ষাৎকারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করায় পুরো বিষয়টি ভিন্নভাবে প্রচার হয়েছে। এ কারণে অহেতুক সমালোচনার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদমাধ্যমকে মুকিত বলেন, ‘এগুলা সব বাড়াবাড়ি! আমার মন্তব্য কাটিং করেছে।’
সাংবাদিকতার ধরন নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেতা। তার ভাষ্য, ‘বিষয়টা নিয়ে একটু বাড়াবাড়ি করেছে ওরা। আসলে কেন যে এমন সাংবাদিকতা করে আমি বুঝি না, আমার মাথায় আসে না। আমি তো ২৬ বছরের সংসার নিয়ে ওইভাবে কখনও বলিনি। কথা তো এরকম ছিল না।’
এ ঘটনায় মানসিকভাবে চাপে থাকার কথাও জানিয়েছেন মুকিত। তিনি বলেন, ‘আমি আসলে মেন্টালি খুব ডিস্টার্ব আছি। রাতে ঠিকমতো ঘুমাতেও পারিনি।’
ভক্তদের প্রতিক্রিয়ায়ও হতাশা প্রকাশ করেছেন তিনি। মুকিত বলেন, ‘ভক্তরা আমাকে খুবই ভালোবাসে। কিন্তু হঠাৎ করে এভাবে কেন সমালোচনা করছেন বুঝতে পারছি না। দেখি আমি চ্যানেলে কথা বলব।’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন মুকিত। প্রায় ৯ মিনিটের ওই সাক্ষাৎকারের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে গভীর রাতে শুটিং শেষে বাড়ি ফেরার একটি ঘটনা তুলে ধরেন তিনি।
মুকিত জানান, নরসিংদীতে শুটিং শেষে প্রচণ্ড শীতের মধ্যে ভোর ৪টার দিকে তিনি বাড়ি ফেরেন। সে সময় তার স্ত্রীর ১০২-১০৩ ডিগ্রি জ্বর ছিল।
বাড়ি ফিরে ক্ষুধার কথা জানিয়ে পরোটা খেতে চান তিনি। মুকিতের দাবি, অসুস্থ থাকার পরও তার স্ত্রী পরোটা ও মাংস তৈরি করে তাকে খেতে দেন।
তবে সাক্ষাৎকারে মুকিত মূলত তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ার প্রসঙ্গেই কথা বলছিলেন। ২৬ বছর একসঙ্গে থাকার বিষয়ে তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকতে হবে। একজনের যদি অন্যজনের প্রতি সম্মান থাকে, তাহলে যেকোনো সংসার ২০০ বছর টিকে যাবে। আমাদের মধ্যে সম্মান আছে দেখেই এত বছর সংসার টিকে আছে। আলহামদুলিল্লাহ।’
এই বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে সমালোচনার জবাব দিয়ে বক্তব্যটি খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে বলে দাবি করেন মুকিত।