বিজ্ঞাপন
বিজ্ঞাপন
একসময় গানের প্রতিভা দিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শ্রোতাদের নজর কেড়েছিলেন মাইনুল আহসান নোবেল। ভারতের জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা বাংলা’য় অংশ নিয়ে রাতারাতি পরিচিতি পাওয়া এই শিল্পীকে ঘিরে তৈরি হয়েছিল বিপুল প্রত্যাশা।
তবে সময়ের সঙ্গে সেই প্রত্যাশার পাশাপাশি নানা বিতর্কও জড়িয়ে পড়ে তার নামের সঙ্গে। এবার অবশ্য অতীতের সেসব অধ্যায় পেছনে ফেলে পরিবারকেই যেন জীবনের কেন্দ্রবিন্দু করেছেন নোবেল।
সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সাম্প্রতিক পোস্টগুলোতেও মিলছে তারই আভাস। স্ত্রী ও সন্তানকে নিয়ে একের পর এক ছবি ও ভিডিও প্রকাশ করছেন এই সংগীতশিল্পী।
আর তার এমন পারিবারিক মুহূর্তগুলো দেখে ভক্তদের অনেকেই বলছেন, নতুনভাবে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন নোবেল।
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন নোবেল। ভিডিওটি ধারণ করেছেন তার স্ত্রী।
অন্য একটি ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ির নবাববাড়িতে ছেলেকে কোলে নিয়ে জনপ্রিয় শিল্পী জেমসের ‘বাবা’ গানটি গেয়ে শোনাতে দেখা যায় তাকে।
শুধু ভিডিও নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী-পুত্রের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবিও নিয়মিত শেয়ার করছেন নোবেল।
‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ কিংবা ‘মাই ফ্যামিলি’- এমন ক্যাপশনে প্রকাশ করা ছবিগুলোতে ফুটে উঠছে তার পারিবারিক জীবনের ঘনিষ্ঠ মুহূর্ত।
নোবেলের এসব পোস্টে ভক্তদের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক। কেউ তার নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন, কেউ আবার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন।
এক নেটিজেন লিখেছেন, ‘সুখী পরিবার। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক, এই দোয়া।’ আরেকজনের মন্তব্য, ‘জীবনটা এবার সুন্দর করে তিনজন মিলে গুছিয়ে নেন।’ অন্য একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাইয়া, আমরা আপনাকে এভাবেই দেখতে চাই।’
২০১৮ সালে ‘সা রে গা মা পা বাংলা’র মঞ্চে নিজের কণ্ঠের মাধ্যমে আলোচনায় আসেন নোবেল। প্রতিযোগিতাটিতে তার পরিবেশনা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর তার গানের ক্যারিয়ার নিয়ে তৈরি হয় নানা প্রত্যাশা।
কিন্তু পরবর্তী সময়ে ব্যক্তিগত জীবন, মাদকসংক্রান্ত অভিযোগ, নারীঘটিত নানা অভিযোগ ও আইনি জটিলতাসহ বিভিন্ন কারণে বারবার আলোচনায় আসেন তিনি।
২০২৫ সালের ১৯ জুন নোবেলকে ঘিরে আরেকটি বড় ঘটনা সামনে আসে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীকেই বিয়ে করেন তিনি। বর্তমানে ওই স্ত্রীর সঙ্গেই সংসার করছেন এই শিল্পী। তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান।
কিছুদিন আগে এক মঞ্চে ছেলেকে প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিয়েছিলেন নোবেল। এরপর থেকেই তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টজুড়ে স্ত্রী ও সন্তানকে ঘিরে নানা মুহূর্তের ছবি ও ভিডিও দেখা যাচ্ছে।
দীর্ঘদিন নানা বিতর্কে আলোচিত থাকার পর নোবেলের এমন পারিবারিক জীবনযাপন স্বাভাবিকভাবেই ভক্তদের আগ্রহ তৈরি করেছে।
এখন তাদের প্রত্যাশা, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও বিতর্ক পেছনে ফেলে নোবেল আবারও গানে মনোযোগ দেবেন এবং নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে সংগীতাঙ্গনে ফিরবেন।