Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

অভিনেতার পোস্টের পরেই মৃত্যুর গুঞ্জন, যা জানা গেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম

অভিনেতার পোস্টের পরেই মৃত্যুর গুঞ্জন, যা জানা গেল

বিজ্ঞাপন

টলিউড অভিনেতা শঙ্কর চক্রবর্তীর একটি ফেসবুক পোস্ট ঘিরে সোমবার রাতে তৈরি হয় নানা ধরনের জল্পনা। ‘আমার জীবন ফুরিয়ে আসছে’- এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে অনেকেই ধরে নেন, হয়তো আর নেই অভিনেতা।

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে তার সহকর্মীদের অনেকে ফোনও করেন। তবে পরে নিজেই আরেকটি পোস্ট দিয়ে মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দেন শঙ্কর।

অভিনেতা জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। শঙ্কর লেখেন, ‘ফেসবুকে আমার একটি পোস্ট দেখে সবাই ভাবল আমি মরে গেছি।

কৌশিক গাঙ্গুলী থেকে শুরু করে অনেকেই রাতে ফোন করে উদ্বিগ্ন প্রকাশ করেন। আমি তাদের আশ্বস্ত করছি কোথাও যাইনি। আমি সুস্থ আছি। ঈশ্বর যতদিন চাইবেন বেঁচে আছি।’

সম্প্রতি স্ত্রীকে হারিয়েছেন শঙ্কর চক্রবর্তী। ব্যক্তিগত জীবনের সেই শোকের পাশাপাশি পেশাগতভাবেও একটা দীর্ঘ বিরতির মধ্যে রয়েছেন তিনি।

একসময় ছোটপর্দায় নিয়মিত দেখা গেলেও গত দুই বছর ধরে কোনো ধারাবাহিকে অভিনয় করেননি এই অভিনেতা।

ছোটপর্দায় কাজ না পাওয়ার প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে শঙ্কর বলেন, ‘ছোটপর্দায় গ্যাপ মানে, গত কয়েক বছর আমাকে নেওয়া হচ্ছে না। মাঝে দুইটি চ্যানেল লুক সেট করে, মক শুট করে বাদ দিয়ে দিয়েছে।’

তবে কেন তাকে বাদ দেওয়া হয়েছে, সে কারণ সম্পর্কে নিশ্চিত নন অভিনেতা। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘কোনো কারণ জানি না। জানতেও চাই না। কোনো অসুবিধা নিশ্চয় আছে।

আমি হয়তো খারাপ অভিনেতা, সেই জন্য হয়তো বাদ দিয়েছে। ভবিষ্যতে যদি কেউ মনে করেন, আমি কাজ পারি আবার কাজ হবে।’

তবে ছোটপর্দায় দীর্ঘ বিরতি থাকলেও বড়পর্দায় আবারও দেখা যাবে শঙ্করকে। পরিচালক সৃজিত মুখার্জির ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ছবিটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, অনুজয় চ্যাটার্জি ও টোটা রায়চৌধুরীসহ অনেকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার