বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রভাকে এখন নিয়মিত নাটকে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। ব্যক্তিজীবন, পছন্দ-অপছন্দ ও নানা অভিজ্ঞতা নিয়ে মাঝেমধ্যেই অনুসারীদের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। সম্প্রতি এক পডকাস্টে নিজের শৈশব, বেড়ে ওঠা এবং সম্পর্ক নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন তিনি।
সেখানে পুরোনো পছন্দের কথা বলতে গিয়ে প্রভা জানান, একটা সময় আর্থিকভাবে অসচ্ছল ছেলেদের প্রতিই তার আলাদা আকর্ষণ ছিল। বিশেষ করে কেউ নিজের অভাব-সংগ্রামের গল্প শোনালে সহজেই আবেগপ্রবণ হয়ে পড়তেন তিনি।
প্রভার ভাষায়, কারও জীবনের কষ্টের গল্প, পরিবারের দায়িত্ব নেওয়া কিংবা না খেয়ে থাকার অভিজ্ঞতা শুনলে তার ভালো লাগত। তবে সময়ের সঙ্গে নিজের সেই পছন্দে পরিবর্তন এসেছে বলেও ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।
আড্ডায় নিজের শৈশবের কথাও স্মরণ করেন প্রভা। জানান, ছোটবেলায় তিনি ছিলেন বেশ আদুরে স্বভাবের। এমনকি একটা সময় স্পষ্টভাবে কথা বলতেও পারতেন না।
পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয়স্বজন এবং বন্ধুদের বাবা-মায়ের কাছ থেকেও অতিরিক্ত আদর পেয়েছেন তিনি। এ কারণে তার মধ্যে পরিণতবোধ বা ম্যাচিউরিটি আসতে কিছুটা সময় লেগেছে।
প্রভা বলেন, অভিনয়ে আসার পরই ধীরে ধীরে স্পষ্টভাবে কথা বলা ও নিজের বক্তব্য প্রকাশ করতে শিখেছেন তিনি।
এদিকে অভিনয়ে নিয়মিত না হলেও নতুন দুই সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভা। এরই মধ্যে সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। ছবিটির অধিকাংশ শুটিং শেষ হয়েছে, বাকি অংশের কাজ চলতি সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ সিনেমাতেও অভিনয় করছেন প্রভা। সরকারি অনুদানে নির্মিত হচ্ছে তার নতুন দুই সিনেমাই।