বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিয়ের আগেই মা হওয়ার কথা ভেবেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সেই সময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির শুক্রাণু নিয়ে আইভিএফ-এর মাধ্যমে সন্তানধারণের চেষ্টা করেছিলেন তিনি। দু’বার চিকিৎসা করিয়েও সফল হননি। বিয়ের আগেই মা হবেন এই ইচ্ছার কথা বাবা-মাকেও জানিয়েছিলেন স্বরা।
স্বরা ভাস্কর বলেন, আমি আইভিএফ করাতে রাজি ছিলাম। বাবা-মাকে বুঝিয়েছিলাম, আমার বিয়ে তো হচ্ছে না। তাই আইভিএফ-এর মাধ্যমে সন্তান নেব।’
প্রথমে মেয়ের এমন সিদ্ধান্ত শুনে কিছুটা অবাক হয়েছিলেন তার বাবা-মা। পরে অবশ্য মেয়ের সিদ্ধান্তকে সম্মান জানান তারা।
স্বরা জানান, তার বাবা-মা তাকে বলেছিলেন, ভারতের মতো দেশে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা খুব কঠিন হবে। তবে তুমি যদি সেটাই চাও, তা হলে ঠিক আছে।
মা হওয়ার ইচ্ছা থেকেই শেষপর্যন্ত চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন স্বরা। অভিনেত্রীর কথায়, আমি দু’বার আইভিএফ করিয়েছিলাম। অজ্ঞাতপরিচয় ব্যক্তির সাহায্য নিয়েছিলাম। কিন্তু সফল হয়নি।
এর পরেই তার জীবনে আসে ফাহাদ আহমদ। স্বরা জানান, তাদের সম্পর্ক খুব দ্রুত এগিয়েছিল। পরিচয়ের পরই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে আইনি বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।
ফাহাদ আহমদ সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত রাজনীতিক। ২০২০ সালের জানুয়ারি মাসে দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বিরোধী একটি আন্দোলনে প্রথম দেখা হয়েছিল স্বরা এবং ফাহাদের। পরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এবং ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে গড়ায়। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি মুম্বইয়ে আইনি মতে বিয়ে করেন তারা। পরে পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানও হয়।