Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

রুনা লায়লাকে নিয়ে প্রয়াত আশার মধুর স্মৃতিচারণ, আবেগে ভাসছে নেটদুনিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

রুনা লায়লাকে নিয়ে প্রয়াত আশার মধুর স্মৃতিচারণ, আবেগে ভাসছে নেটদুনিয়া

বিজ্ঞাপন

রুনা লায়লার সঙ্গে ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের বন্ধুত্ব ছিল দীর্ঘদিনের। সংগীতের সূত্রে তৈরি হওয়া সেই সম্পর্ক আরও গভীর হয়েছিল একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে।

চলতি বছরের এপ্রিলে আশার প্রয়াণের পর সেই বন্ধুত্বের স্মৃতিই এখন বারবার সামনে আসছে। সম্প্রতি এমনই এক পুরোনো ভিডিও প্রকাশ করে প্রয়াত শিল্পীকে স্মরণ করেছেন রুনা লায়লা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ফেসবুকে প্রকাশ করা ভিডিওটিতে দেখা যায়, রুনা লায়লার সঙ্গে নিজের পরিচয় ও বন্ধুত্বের কথা বলছেন আশা ভোঁসলে।

সেখানে তিনি জানান, একটি কাজের কারণে প্রায় দেড় মাস দুবাইয়ে একসঙ্গে থাকার সময় রুনার সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে।

সেই স্মৃতি উল্লেখ করে আশা বলেন, ‘তাকে বললাম, তোমার মতো এসব হরকত (অলংকার) আমি পারব নাকি! শুনে সে হেসে দিলো। সে (রুনা লায়লা) আমার খুব ভালো বন্ধু। একটি কাজের সুবাদে আমরা এক-দেড় মাসের মতো দুবাইতে ছিলাম। ওই সময়ে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। মাঝে মাঝে ইচ্ছে করে, ঢাকায় গিয়ে ওর সঙ্গে বসে খাবার খাব। কিন্তু এখান থেকে সময় বের করা বেশ মুশকিল।’

ভিডিওতে রুনা লায়লার সুরে গান গাওয়া নিয়েও কথা বলেন আশা ভোঁসলে। রুনার করা অলংকার নিয়ে মজা করে তিনি বলেন, এগুলো তিনি পারবেন কি না, তা নিয়ে তার সংশয় ছিল।

জবাবে রুনা লায়লা বলেন, এসব শেখার ক্ষেত্রে উপমহাদেশের কিংবদন্তি শিল্পীদের কাছ থেকেই তারা অনুপ্রেরণা পেয়েছেন। তার ভাষায়, শুধু তিনি নন, তার মতো অসংখ্য শিল্পী তাদের কাছ থেকে শিখেছেন এবং এখনো শিখছেন।

ভিডিওটি প্রকাশ করে রুনা লায়লা লিখেছেন, কয়েক বছর আগের সেই আনন্দময় মুহূর্তগুলোর কথা এখনো তার মনে আছে। নিজের ছোট্ট একটি সংগীত প্রজেক্টে গান গাওয়ার জন্য আশা ভোঁসলে রাজি হওয়ায় তিনি যে কতটা আনন্দিত হয়েছিলেন, সেটিও স্মরণ করেছেন রুনা।

পাশাপাশি আরও অনেক গান একসঙ্গে করার ইচ্ছা ছিল বলেও জানান তিনি। প্রয়াত শিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রুনা লিখেছেন, তাকে এখনো খুব মনে পড়ে এবং যেখানেই থাকুন, তিনি যেন শান্তিতে থাকেন।

প্রসঙ্গত, প্রায় সাত বছর আগে ‘লেজেন্ডস ফরএভার’ নামে একটি বিশেষ সংগীত প্রজেক্ট করেছিলেন রুনা লায়লা। তার সুরে উপমহাদেশের চার কিংবদন্তি শিল্পী গান করেন।

তাদের মধ্যে ছিলেন আশা ভোঁসলে, রাহাত ফতেহ আলি খান, হরিহরণ ও আদনান সামি। এই প্রজেক্টে আশা ভোঁসলের গাওয়া গানটির নাম ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’। গানটির কথা লিখেছিলেন কবির বকুল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার