বিজ্ঞাপন
গুরুতর অসুস্থ হয়ে পিসিসিইউ- তে ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার রইছ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম
বিজ্ঞাপন
মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’-এর জনপ্রিয় অভিনেতা বিজয় চৌধুরী (আবু আজাদ চৌধুরী) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পিসিসিইউ (PCCU)-তে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার এক ভাগ্নের দাওয়াতে মানিকগঞ্জের সিংগাইরে গিয়েছিলেন এই অভিনেতা। সেখানে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেন যে তিনি হার্ট অ্যাটাক করেছেন।
অসুস্থ পিতার দ্রুত সুস্থতা ও বিপদ থেকে মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে সাবিদ বিন আবু আজাদ চৌধুরী এবং মেয়ে ফিওনা ইসলাম।
তারা ভক্ত ও শুভানুধ্যায়ীদের আন্তরিক দোয়ার মাধ্যমে অভিনেতার সুস্থ হয়ে পরিবারে ফিরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত ১৯৯৭ সালের জনপ্রিয় সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন বিজয় চৌধুরী। এই একটিমাত্র চরিত্রই তাকে দর্শকের ঘরের মানুষ করে তুলেছিল।