বিজ্ঞাপন
মারা গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
বিজ্ঞাপন
মালয়ালম সিনেমা ‘সুডানি ফ্রম নাইজেরিয়া’তে ‘উম্মা’ চরিত্রে অভিনয় করে ভারতজুড়ে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী সাবিত্রী শ্রীধরণ। দীর্ঘদিন থিয়েটারে অভিনয়ের পর চলচ্চিত্রে পা রেখে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কোঝিকোড়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবিত্রী শ্রীধরণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে মালয়ালম চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
চার দশকেরও বেশি সময় ধরে মালয়ালম থিয়েটারে সক্রিয় ছিলেন সাবিত্রী শ্রীধরণ। বিভিন্ন নাট্যদলের সঙ্গে কাজ করার পাশাপাশি অসংখ্য মঞ্চ প্রযোজনায় অভিনয় করেছেন তিনি।
অভিনয় জীবনের শুরু হয়েছিল অ্যামেচার থিয়েটার দিয়ে। মাত্র ১৬ বছর বয়সে মঞ্চে পা রাখেন।
প্রায় দুই দশক অ্যামেচার থিয়েটারে কাজ করার পর যোগ দেন পেশাদার মঞ্চে। থিয়েটারে দীর্ঘ সাফল্যের পর সিনেমায় আত্মপ্রকাশ করেন সাবিত্রী। ১৯৯১ সালে কিংবদন্তি সাহিত্যিক ও পরিচালক এম টি বাসুদেবন নায়ারের ‘কদভু’ সিনেমায় অভিনয় করেন তিনি। সেখানে মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে।
২০১৮ সালে মুক্তি পায় জাকারিয়া মহম্মদের সিনেমা ‘সুডানি ফ্রম নাইজেরিয়া’। এতে জামীলা চরিত্রে অভিনয় করেন সাবিত্রী। এই সিনেমার জন্যই জাতীয় পুরস্কার পান তিনি।