বিজ্ঞাপন
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ, কী ঘটলো হঠাৎ?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম
বিজ্ঞাপন
মায়ের মৃত্যুর পর বাবাকেই নিজের একমাত্র বন্ধু ও পৃথিবী মনে করে আরিয়ান। বাবার প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে জীবন যখন স্বাভাবিক ছন্দে চলছে, ঠিক তখনই তার জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা।
অফিস থেকে ফেরার পথে গাড়ির সামনে হঠাৎ চলে আসে আয়েশা নামের এক লাস্যময়ী তরুণী। সাহায্য করার সুবাদে মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়ে আরিয়ান। মনে মনে তাকে খুঁজতে শুরু করে সে।
একদিন বাস স্টেশনে আয়েশাকে দেখতে পেয়ে পরিচিত হয় আরিয়ান। এরপর নিয়মিত তার পিছু নিতে থাকে সে। আয়েশা বিরক্তি প্রকাশ করলেও হাল ছাড়ে না আরিয়ান। ধীরে ধীরে আয়েশাও তার প্রেমে পড়ে যায় এবং তাদের সম্পর্ক গভীর হয়।
একপর্যায়ে আয়েশাকে বাসায় নিয়ে এসে বাবার সঙ্গেও পরিচয় করিয়ে দেয় আরিয়ান। কিন্তু বিপত্তি বাধে তখনই, যখন আরিয়ান তাকে বিয়ের প্রস্তাব দেয়।
ঠিক সেই মুহূর্তে সব ধরনের যোগাযোগ বন্ধ করে উধাও হয়ে যায় আয়েশা। শুরু হয় আরিয়ানের পাগলের মতো তাকে খুঁজে ফেরার আকুলতা।
বাস্তব কোনো ঘটনা নয়, কল্পনার রঙে ঘেরা এই গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘প্রথম দেখার পর’। জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী তার নির্মাণ ক্যারিয়ারের বর্ণাঢ্য ২৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে নাটকটি তৈরি করেছেন।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন, ইরফান সাজ্জাদ (আরিয়ান) ও তানজিন তিশা (আয়েশা)। আরও আছেন, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হয়েছে।