Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

দীঘির সঙ্গে ছবি তুলেননি তথ্যমন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

দীঘির সঙ্গে ছবি তুলেননি তথ্যমন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’

বিজ্ঞাপন

সম্প্রতি এফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে ছবি তোলার সময় উপস্থিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে এড়িয়ে যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। এ প্রসঙ্গে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

স্ট্যাটাসে দীঘির প্রসঙ্গ টেনে শিল্পীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের সঙ্গে নায়িকা দীঘি ছবি তুলতে গেলেন। তথ্যমন্ত্রী হাসিমুখে তাড়াহুড়া করে আরেকটা কাজ আছে বলে দ্রুত জায়গা ছাড়লেন। দীঘির চোখেমুখে একটু বিব্রত হওয়ার ভাব। তবে সম্ভবত ফ্যাশন ডিজাইনার গৌতমের কারণেই দীঘির ছবি তুলতে যাওয়া। কত মানুষ দীঘির সঙ্গে ছবি তোলার জন্য অস্থির। অথচ তরুণ ও হ্যান্ডসাম তথ্যমন্ত্রীর ভেতর কোনো অস্থিরতাই ছিল না নায়িকার সঙ্গে ছবি তোলার বিষয়ে। অবশ্য তাড়াহুড়া করে কোনো মতে ছবি তোলাটা তিনি সম্পন্ন করেছেন। সৌজন্যবোধ রেখেছেন। কিন্তু উৎসাহটা ছিল না। হয়তো আমি একটু বেশি নিখুঁতভাবে খেয়াল করেছি বলে এমন মনে হতে পারে। আমার ভুলও হতে পারে। তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে কাউকে অপমান করা বা হওয়ার বিষয়টি আমি হাইলাইট করছি না।’

শিল্পীদের উদ্দেশে জয় লিখেছেন, ‘স্পষ্ট দুটি মেসেজ আমরা পেয়ে গেছি। তথ্যমন্ত্রী, তথ্য উপদেষ্টা ও প্রতিমন্ত্রী গতকাল চলচ্চিত্র পরিচালক দিবসে সবাই একসঙ্গে উপস্থিত হয়ে সামগ্রিকভাবে চলচ্চিত্রের জন্য সুবার্তা দিলেন। সকল মতের প্রতিভাবান চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ করার বা কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন।’

তিনি আরও লিখেছেন, ‘পাশাপাশি মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে বিপদে না পড়ার জন্য শিল্পীকে সহযোগিতা করলেন। শিল্পীদের বোঝা উচিত, কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ। পূর্বের দিনগুলোতে আমাদের সকলের অভিজ্ঞতা খুবই ভয়াবহ। কাজটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।’

জয় বলেন, ‘আর আমাদের ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হলে এবং আমরা যার যার প্রতিভা বিকাশে সফল হলে মন্ত্রীরা নিজেরাই এসে আমাদের সঙ্গে ছবি তুলবেন। যেমন ববিতা ম্যাডামের সঙ্গে ছবি তুলেছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। এমনকি সাবিনা ইয়াসমিনকে যথার্থ মূল্যায়ন করেছেন গতকালের অনুষ্ঠানে উপস্থিত তিনজন মন্ত্রী।’

সবশেষে চলচ্চিত্র পরিচালক সমিতির প্রশংসা করে জয় লিখেছেন, ‘যাই হোক, আমি যেটা বলার জন্য লেখা শুরু করেছিলাম, চলচ্চিত্র পরিচালক সমিতি অত্যন্ত ভালো একটি উদ্যোগ নিয়ে গতকাল সরকারের ঊর্ধ্বতন তিনজন মন্ত্রী-উপদেষ্টাকে একত্রিত করে এবং আমাদের অঙ্গনের গুণীজনদের একত্রিত করে ৫ আগস্ট-পরবর্তী সময়ে একটি পদক্ষেপ নিলেন। যেই পদক্ষেপটা অন্যেরা নিতে পারেননি। সিনেমার হাল ধরেন পরিচালকরা। আমি সমিতির প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানাই।’

ফরিদুর রেজা সাগরের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘এবং অভিনন্দন জানাই আমাদের সবার প্রিয় ফরিদুর রেজা সাগর ভাইকে। চলচ্চিত্রের জন্য আপনি বটবৃক্ষ। আপনি আমাদের আরও এগিয়ে দেন। আমাদের ইন্ডাস্ট্রিকে পেছন থেকে ধাক্কা দেন। যেমন ধাক্কা দিয়ে আসছেন গত তিন দশক। আপনি চলচ্চিত্রের প্রধানতম অভিভাবক। নেপথ্যের নায়ক।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার