Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

২০ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’! একই চরিত্রে আমির-মাধবন-শারমান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

২০ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’! একই চরিত্রে আমির-মাধবন-শারমান

বিজ্ঞাপন

বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরির কাজ এগিয়ে চলছে। পরিচালক রাজকুমার হিরানি জানিয়েছেন, সিনেমাটির গল্প ও স্ক্রিপ্ট এখনো লেখা হচ্ছে এবং এটি মূল ছবির প্রায় ২০ বছর পরের সময়কে কেন্দ্র করে তৈরি হবে। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, মূল তিন চরিত্র র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর চরিত্রে আমির খান, আর মাধবন ও শারমান যোশীকে নিয়েই গল্প এগোনোর পরিকল্পনা রয়েছে।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। আমির খান, আর মাধবন ও শারমান যোশীর অভিনীত র‍্যাঞ্চো, ফারহান ও রাজু চরিত্র তিনটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সিনেমাটিতে শিক্ষাব্যবস্থা, ক্যারিয়ার, বন্ধুত্ব ও নিজের পছন্দের পথে এগিয়ে যাওয়ার মতো বিষয় উঠে এসেছিল।

সিক্যুয়েল প্রসঙ্গে হিরানি জানিয়েছেন, নতুন সিনেমাটি কলেজজীবনের গল্প নিয়ে নয়। বরং দুই দশক পর চরিত্রগুলোর জীবন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেটিই হবে গল্পের মূল বিষয়। অর্থাৎ র‍্যাঞ্চো, ফারহান ও রাজুকে এবার দেখা যাবে তাদের পেশাগত ও পারিবারিক জীবনের নতুন বাস্তবতায়।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, গল্পটি শুরু থেকেই ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল হিসেবে লেখা হচ্ছিল না। অন্য একটি গল্প নিয়ে কাজ করার সময় হিরানি ও তাঁর লেখক সহযোগী অভিজাত জোশির মনে হয়, সেই গল্পটি ‘থ্রি ইডিয়টস’-এর চরিত্রগুলোর জীবনের পরবর্তী অধ্যায়ের সঙ্গে মানিয়ে যেতে পারে। সেখান থেকেই সিক্যুয়েলের ধারণাটি তৈরি হয়।

তবে সিনেমাটির কাজ এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। হিরানি জানিয়েছেন, স্ক্রিপ্ট পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে সিনেমাটি নিয়ে এগোতে চান না। গল্পটি যথেষ্ট শক্তিশালী মনে হলেই সিক্যুয়েলটি নির্মাণের দিকে যাওয়া হবে।

এর আগে আমির খানও জানিয়েছিলেন, তিনি সিক্যুয়েলের প্রাথমিক গল্প শুনেছেন এবং সেটি তাঁর পছন্দ হয়েছে। তবে স্ক্রিপ্টে আরও কাজ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেছিলেন।

হিরানি আরও জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস ২’-এ নতুন কোনো ‘চতুর্থ ইডিয়ট’ যোগ করার পরিকল্পনা নেই। মূল তিন বন্ধুকেই কেন্দ্র করে গল্প এগোবে। ফলে দুই দশক পর র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনে কী পরিবর্তন এসেছে, সেটিই এখন সিনেমাপ্রেমীদের আগ্রহের মূল বিষয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার