বিজ্ঞাপন
৫০০ কোটি টাকার সম্পদ, তবু ঘরের বাসন ধোয়া থেকে রান্নাঘর পরিষ্কার করেন শ্রেয়া ঘোষালের স্বামী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
বিজ্ঞাপন
বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল সম্প্রতি তাঁর দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। জানিয়েছেন, ব্যস্ত পেশাগত জীবনের পাশাপাশি স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে ঘরের কাজও ভাগাভাগি করে করেন তিনি। শিলাদিত্য নিজেই বাসন ধোয়া ও রান্নাঘর পরিষ্কার করার মতো কাজ করেন বলে জানিয়েছেন শ্রেয়া।
‘দ্য মেল ফেমিনিস্ট’ পডকাস্টে শ্রেয়া বলেন, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন এমন একজন জীবনসঙ্গী পেয়ে। তাঁর ভাষ্য অনুযায়ী, শিলাদিত্য নিজের কাজ নিজে করতে অভ্যস্ত। এমনকি শ্রেয়া রান্নাঘর পরিষ্কার করতে গেলে তিনি নাকি বিরক্ত হন, কারণ এসব কাজ তিনি নিজেই করতে পছন্দ করেন।
শ্রেয়ার ব্যস্ততার কারণে অনেক সময় তাঁকে মাসের পর মাস বাড়ির বাইরে থাকতে হয়। তবে এ নিয়ে শিলাদিত্য কখনো তাঁকে জবাবদিহির মধ্যে রাখেননি বলেও জানান তিনি। দুজনেরই দীর্ঘ কর্মঘণ্টা থাকায় সংসারের দায়িত্বও তারা নিজেদের মধ্যে ভাগ করে নেন।
দাম্পত্য জীবনে একে অপরের প্রতি আস্থার কথাও তুলে ধরেছেন শ্রেয়া। তাঁর মতে, শিলাদিত্যের মধ্যে এ নিয়ে কোনো অহমিকা নেই, তাঁরও নেই। তাঁদের সন্তানই এখন পরিবারের আলোচনার কেন্দ্রবিন্দু।
শ্রেয়া ও শিলাদিত্যর সম্পর্কের শুরু আরও অনেক আগে। দুজনের পরিচয় স্কুলজীবন থেকে এবং প্রায় ১০ বছর প্রেমের পর ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিয়ে করেন তাঁরা। ২০২১ সালে তাঁদের ছেলে দেবযানের জন্ম হয়।
শিলাদিত্য প্রযুক্তি ও ব্যবসা খাতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। ২০২২ সাল থেকে তিনি ট্রুকলার ফর বিজনেসের গ্লোবাল হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ক্লেভারট্যাপের পাশাপাশি পয়েন্টশেলফ ও হিপক্যাস্কের মতো প্রযুক্তি উদ্যোগের সঙ্গেও যুক্ত ছিলেন।
তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন হিসাব রয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্ল্যানিফাইয়ের ২০২৫ সালের অনুমান উদ্ধৃত করে জানিয়েছে, শিলাদিত্যের সম্পদের পরিমাণ ৫০০ থেকে ৭০০ কোটি রুপির মধ্যে হতে পারে। এটি কোনো সরকারি বা নিরীক্ষিত সম্পদ হিসাব নয়, বরং প্রকাশিত একটি অনুমান।
ব্যস্ত ক্যারিয়ার, সন্তান ও সংসারের দায়িত্ব একসঙ্গে সামলে শ্রেয়া ও শিলাদিত্যের পারস্পরিক সহযোগিতার এই দিকটিই এখন আলোচনায় এসেছে।