Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

কেন পাকিস্তান ছেড়ে ভারতে এসেছিলেন আদনান সামি?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

কেন পাকিস্তান ছেড়ে ভারতে এসেছিলেন আদনান সামি?

বিজ্ঞাপন

পাকিস্তানের নাগরিক ছিলেন জনপ্রিয় গায়ক আদনান সামি। তবে দীর্ঘদিন ধরে ভারতে সংগীতচর্চা ও কাজ করার পর ২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন তিনি। কেন পাকিস্তান ছেড়ে ভারতে এসে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন-সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কারণই জানিয়েছেন এ গায়ক।

ট্রেড অ্যানালিস্ট কোমল নাহাটার সঙ্গে কথোপকথনে আদনান সামি তার ক্যারিয়ার ও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর জীবনে আসা পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলেন। তার ভাষ্য, পাকিস্তানে থাকার সময় সংগীতজীবনে নিজের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সুযোগ ও সহযোগিতা পাচ্ছিলেন না। এ কারণেই ভারতে এসে নতুন করে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন তিনি।

তবে শুধু ক্যারিয়ারের কারণেই নয়, ভারতে আসার সিদ্ধান্তে কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের উৎসাহও গুরুত্বপূর্ণ ছিল বলে জানান আদনান। ভারতে আসার পর তার সংগীতজীবন দ্রুত এগিয়ে যায়। একের পর এক জনপ্রিয় গান ও অ্যালবামের মাধ্যমে ভারতীয় সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

আদনান সামি প্রথমবার ২০০১ সালের মার্চে ভিজিটর ভিসায় ভারতে আসেন। এরপর ধীরে ধীরে ভারতীয় সংগীতজগতে নিজের জায়গা তৈরি করেন। পাকিস্তানের নাগরিক থাকাকালীনও ভারতে কাজ পেতে তাকে বিশেষ সমস্যায় পড়তে হয়নি বলে জানান তিনি।

তবে ২০১৫ সালে তার পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। পরে সেটি আর নবীকরণ করা হয়নি। এরপর মানবিক কারণে ভারতে তার বৈধ অবস্থান বজায় রাখার আবেদন করেন আদনান।

শেষ পর্যন্ত ২০১৬ সালের ১ জানুয়ারি ভারতীয় নাগরিকত্ব পান তিনি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ৬(১) ধারার অধীনে প্রাকৃতিকীকরণের মাধ্যমে তাকে নাগরিকত্ব দেয়। শিল্প ও সংস্কৃতিতে তার অবদানও এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‘আমি ভারতের হয়ে গেলাম, ভারতও আমার হয়ে গেল’

ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর নিজের জীবনে আসা পরিবর্তন নিয়েও কথা বলেছেন আদনান সামি। তার মতে, পাকিস্তানের নাগরিক থাকার সময়ও ভারতে কাজ পাওয়া কঠিন ছিল না। তবে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর দেশের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয়ে যায়।

আদনানের কথায়, ‘আমি যখন পাকিস্তানের নাগরিক ছিলাম, তখনও ভারতে কাজ পাওয়া আমার জন্য কঠিন ছিল না। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর অনেক কিছু বদলে গেল। আমি ভারতের হয়ে গেলাম এবং ভারতও আমার হয়ে গেল।’

নব্বই দশকের গোড়ায় সংগীতজীবন শুরু করেন আদনান সামি। নিজের অ্যালবামের পাশাপাশি হিন্দি সিনেমার গানেও কণ্ঠ দিয়ে দ্রুত শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

তার অ্যালবাম ‘কভি তো নজর মিলাও’ তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। এরপর পপ, ভারতীয় শাস্ত্রীয় ও চলচ্চিত্রের সংগীতে একের পর এক কাজ করে নিজের আলাদা পরিচয় তৈরি করেন এই গায়ক।

দীর্ঘদিনের সংগীতজীবনে অবদানের স্বীকৃতিও পেয়েছেন আদনান। ২০২০ সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করে।

পাকিস্তানের নাগরিক থেকে ভারতীয় নাগরিক হয়ে ওঠার প্রায় এক দশক পর নিজের সেই যাত্রার কথা বলতে গিয়ে আদনান সামির মন্তব্য, ‘আমি ভারতের হয়ে গেলাম এবং ভারতও আমার হয়ে গেল’-তার ভারত-যাত্রার সঙ্গে জড়িয়ে থাকা আবেগেরই প্রকাশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার