বিজ্ঞাপন
ইতালিতে বাঁধন হেনস্তার শিকার, চলছে আইনি ব্যবস্থার প্রস্তুতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
বিজ্ঞাপন
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালির ভেনিসে মারাত্মক হেনস্তা, শারীরিক লাঞ্ছনা ও ডিম নিক্ষেপের শিকার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও এবং বাঁধনের নিজস্ব ফেসবুক লাইভ থেকে নিশ্চিত হওয়া গেছে, 'জুলাই অভ্যুত্থান'-এ তার অংশগ্রহণের জেরে স্থানীয় ইতালি ও ভেনিস শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এই অতর্কিত হামলা চালায়।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 'ওরিজোন্তি' বিভাগে প্রদর্শিত রুবাইয়াত হোসেন পরিচালিত 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' সিনেমার কাস্ট সদস্য হিসেবে বাঁধন বর্তমানে ইতালিতে অবস্থান করছেন।
স্থানীয় সময় সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে ভাই ও তার পরিবারের সদস্যদের নিয়ে মেস্ত্রে (Mestre) এলাকার একটি পার্কে হাঁটতে বের হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়ধারী একদল প্রবাসী তাদের ঘিরে ধরে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা বাঁধনকে 'জুলাই জঙ্গি' আখ্যা দিয়ে গালিগালাজ করে, শারীরিক আক্রমণ চালায়, তার ওপর কোল্ড ড্রিংকস ও ডিম নিক্ষেপ করে এবং বাধ্য করার চেষ্টা করে 'জয় বাংলা' স্লোগান দিতে। একপর্যায়ে অভিনেত্রী ও তার ভাইয়ের পরিবারের ওপর চড়াও হয়ে তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে।
হামলার ঘটনার পর ইতালি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অভিনেত্রীর সুরক্ষার দায়িত্ব নেয়। পরবর্তীতে নিজের ফেসবুক লাইভে এসে বাঁধন জানান যে, পুলিশ তাকে একটি নিরাপদ স্থানে (সেফ হাউস/নিরাপদ হেফাজত) নিয়ে গেছে।
ফেসবুক লাইভে তিনি বলেন
'আমি সবার ফোন রিসিভ করতে পারছি না। কারণ, এখানে যারা পুলিশ আছে তারা এসেছে। তারা আমাকে তাদের আন্ডারে আরেকটা সেফ প্লেসে নিয়ে যাচ্ছে। যারা আমার জন্য টেনশন করছেন, টেক্সট করছেন, শুভকামনা জানাচ্ছেন- সবাইকে ধন্যবাদ। মঙ্গলবার আমাকে অফিশিয়ালি কেস ফাইলটা করতে হবে। অলরেডি সব ডকুমেন্ট আমার কাছে আসা শুরু হয়েছে এবং ওরা (পুলিশ) কাগজপত্র নিয়েছে। আমি জাস্ট রিকোয়েস্ট করব, কেউ যদি আমার ফ্রেন্ডলিস্টে থাকেন যারা বাংলাদেশ হাই কমিশন বা কনস্যুলেটের সঙ্গে যুক্ত- তারা যদি একটু রিচ করে, আমার জন্য থানায় গিয়ে কাজগুলো করতে সুবিধা হয়। আমি এখন পুলিশের সাথে আছি, ওদের সিকিউরিটিতেই থাকব।'
ইতালির স্থানীয় পুলিশ ঘটনার নথিপত্র সংগ্রহ শুরু করেছে এবং আনুষ্ঠানিকভাবে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলগুলোর মাধ্যমে অভিনেত্রীকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানে যোগাযোগ করা হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শিল্পীর ওপর নিজ দেশের একটি রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এমন আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিনোদন অঙ্গনের কলাকৌশলী, প্রবাসী বাংলাদেশি ও সাধারণ ভক্তরা।