Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

প্রায় ২৭ বছর আগে ডাক্তার বলেছিল ১০ বছর বাঁচবেন, তিনি এখন সুস্থ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

প্রায় ২৭ বছর আগে ডাক্তার বলেছিল ১০ বছর বাঁচবেন, তিনি এখন সুস্থ

বিজ্ঞাপন

হেপাটাইটিস সি ধরা পড়ার পর চিকিৎসক বলেছিলেন, তার হাতে হয়তো আর মাত্র ১০ বছর সময় আছে। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন।

ভেনিসে অনুষ্ঠিত অ্যামফার গালায় ‘অ্যাওয়ার্ড অব কারেজ’ গ্রহণের সময় নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেন ‘বেওয়াচ’ তারকা।

পামেলা জানান, ১৯৯০-এর দশকের শেষ দিকের ঘটনা। প্রায় ২৬-২৭ বছর হব। তার হেপাটাইটিস সি ধরা পড়ে। তখন এই ভাইরাসের কোনো কার্যকর নিরাময় ছিল না। চিকিৎসক তাকে জানিয়েছিলেন, এটি কার্যত মৃত্যুদণ্ডের মতো এবং তার বেঁচে থাকার সম্ভাব্য সময় প্রায় ১০ বছর।

অভিনেত্রীর ভাষায়, ‘এটা ছিল মৃত্যুদণ্ড। আমার চিকিৎসক আমাকে বলেছিলেন, সম্ভবত আমার হাতে বাঁচার জন্য প্রায় ১০ বছর আছে।’

এই খবর তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল বলেও জানান পামেলা। নিজের মৃত্যুর ভয় যতটা না ছিল, তার চেয়ে বেশি চিন্তা ছিল ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে।

তিনি বলেন, ওই সময়ের অভিজ্ঞতা তার সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করেছিল এবং তার জীবনকে ভেতর থেকে পুরোপুরি পাল্টে দিয়েছিল।

তবে সময়ের সঙ্গে বদলে যায় পরিস্থিতি। ২০১১ সালে হেপাটাইটিস সি-এর চিকিৎসায় বড় অগ্রগতি আসে। এরপর চিকিৎসা নিয়ে ২০১৫ সালে নিজেকে ‘হেপাটাইটিস সি মুক্ত’ ঘোষণা করেন পামেলা। তবে সেই চিকিৎসার পেছনে তার ব্যাংকে থাকা প্রায় সব অর্থই খরচ হয়ে গিয়েছিল বলে জানান তিনি।

রোগ নিরাময় হলেও সেই সময়ের লজ্জা, অপরাধবোধ ও মানসিক ক্ষত এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি পামেলা। শৈশবে যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতার সঙ্গেও এই অনুভূতির মিল খুঁজে পান তিনি।

পামেলা বলেন, এই অভিজ্ঞতাগুলো তাকে নিজেকে ‘ক্ষতিগ্রস্ত’ মানুষ হিসেবে ভাবতে বাধ্য করেছিল। তবে শেষ পর্যন্ত নিজের কাজ ও শিল্পের মাধ্যমে সেই অন্ধকার সময়কে শক্তিতে পরিণত করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে অভিনয়ে নতুন করে প্রশংসা পাচ্ছেন পামেলা। ‘দ্য লাস্ট শোগার্ল’, ‘দ্য নেকেড গান’, ‘রোজবুশ প্রুনিং’ ও ‘প্লেস টু বি’-এর মতো সিনেমায় অভিনয় করে ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করেছেন তিনি। ‘প্লেস টু বি’ ভেনিস চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

নিজের বক্তব্যের শেষদিকে পামেলা বলেন, ‘আমি ভুক্তভোগী নই, আমি বিজয়ী।’ তার মতে, জীবনের কঠিন অভিজ্ঞতাগুলোই তাকে আরও শক্তিশালী ও সক্ষম করে তুলেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার