বিজ্ঞাপন
বিশ্বজুড়ে অ্যাডিডাস বয়কটের ডাক, সমর্থন দিলেন তারকারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ এএম
বিজ্ঞাপন
সাবেক এক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে দেখানোয় বয়কটের মুখে পড়েছে জার্মান ক্রীড়াপণ্য নির্মাতা অ্যাডিডাস। সম্প্রতি অ্যাম্পিউটি বা অঙ্গহানির শিকার ব্যক্তিদের জন্য প্রতিষ্ঠানটির এক পায়ের জুতা সরবরাহ–সেবার প্রচারে সাবেক ইসরায়েলি সেনা শালেভ বিটনকে দেখানো হয়েছে।
ইসরায়েলের একটি দোকানে তাকে জুতা পরতে দেখা যায়। পরে বাইরে দৌড়াতেও দেখা যায় সাবেক এ সেনাকে।
বিজ্ঞাপনটি প্রকাশের পর ফিলিস্তিনপন্থি অধিকারকর্মী ও অ্যাক্টিভিস্টদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অ্যাডিডাসকে বয়কটের আহ্বানও জানানো হচ্ছে।
‘ফিলিস্তিনিদের জন্য অপমানজনক’
ফিলিস্তিনপন্থি বয়কট আন্দোলনের সংগঠকেরা এই বিজ্ঞাপনকে ফিলিস্তিনিদের প্রতি ‘চরম অবমাননাকর’ বলে আখ্যা দিয়েছেন। প্যালেস্টিনিয়ান ক্যাম্পেইন ফর দ্য একাডেমিক অ্যান্ড কালচারাল বয়কট অব ইসরায়েল (পিএসিবিআই)-এর স্পোর্টস বয়কট ক্যাম্পেইন সমন্বয়কারী স্টেফানি ওয়েস্টব্রুক অ্যাডিডাসের সমালোচনা করেছেন।
তার কথায়, এটি শুধু অ্যাডিডাসের অসংবেদনশীলতা বা পরিস্থিতি না বোঝার ঘটনা নয়। বরং গাজায় ইসরায়েলি হামলায় স্বজন ও অঙ্গ হারানো ফিলিস্তিনিদের জন্য অপমানজনক।
ওয়েস্টব্রুকের মতে, এ ধরনের প্রচারণা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে তুলে ধরতে পারে।
অ্যাডিডাসের বিজ্ঞাপনে থাকা শালেভ বিটন সাবেক ইসরায়েলি সেনা। ২০২১ সালে ইসরায়েল ও গাজার মধ্যে সংঘাতের সময়
আহত হয়ে তিনি একটি পা হারান।
ওই সময়ে গাজায় ইসরায়েলি বাহিনীর টানা ১১ দিনের হামলা হয়েছিল।
ওয়েস্টব্রুক বলেন, বিজ্ঞাপনে এমন একজনকে তুলে ধরা হয়েছে যার পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ তার সেনাজীবন।
এ নিয়ে তিনি ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড ও ফিলিস্তিনিদের ওপর এর প্রভাবের প্রসঙ্গও তুলেছেন।
গাজায় অঙ্গহানির চিত্র
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরের শুরু পর্যন্ত গাজায় ৫ হাজার থেকে ৬ হাজার মানুষ অঙ্গচ্ছেদের শিকার হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে চলা দুই বছরের সংঘাতে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি জীবন বদলে দেওয়া ধরনের আঘাত পেয়েছেন বলে
উল্লেখ করা হয়েছে।
গাজার স্বাস্থ্যব্যবস্থার পরিস্থিতিও চরম সংকটপূর্ণ বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থা।
ইসরায়েলের অবরোধের কারণে ওষুধ ও কৃত্রিম অঙ্গসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী গাজায় প্রবেশে বাধার অভিযোগ রয়েছে।
নিহত ফিলিস্তিনি ক্রীড়াবিদও
অ্যাডিডাসের বিজ্ঞাপনে সাবেক ইসরায়েলি সেনাকে দৌড়াতে দেখা গেলেও গাজায় যুদ্ধের কারণে ক্রীড়াঙ্গনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গাজা যুদ্ধের সময় এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। অনেক ফুটবল খেলোয়াড়ও অঙ্গ হারিয়েছেন।
তাদের কেউ কেউ অ্যাম্পিউটি ফুটবল দল গঠন করেছেন। ধ্বংস, মৃত্যু ও অঙ্গহানির মধ্যেও খেলাধুলার মাধ্যমে তারা
স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।
বয়কটের আহ্বানে তারকারাও
অ্যাডিডাস বয়কটের আহ্বান জানিয়েছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। ফিলিস্তিনপন্থি অবস্থানের জন্য পরিচিত এই অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে বয়কটের প্রচারণাসংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেছেন।
মার্কিন-ফিলিস্তিনি লেখক সুসান আবুলহাওয়া, পাকিস্তানি লেখক ফাতিমা ভুট্টোসহ সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ফিলিস্তিনিও অ্যাডিডাসের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির তথ্য অনুযায়ী, গাজায় গত দুই বছরে অঙ্গচ্ছেদের শিকার মানুষের প্রায় এক-চতুর্থাংশই শিশু।
সংস্থাটির মতে, প্রতি ব্যক্তির হিসাবে গাজায় বিশ্বের অন্য যেকোনো স্থানের তুলনায় শিশু অ্যাম্পিউটির সংখ্যা সবচেয়ে বেশি।
ইউনিসেফের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি জীবন বদলে দেওয়া ধরনের আঘাত পেয়েছেন। তাদের মধ্যে প্রায় ১১ হাজারই শিশু।
সূত্র: আল-জাজিরা/