বিজ্ঞাপন
‘একদিন আমরা শাকিব খানকে লাঞ্ছিত করেছি, আজ সে প্রতিশোধ নিচ্ছে’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পিএম
বিজ্ঞাপন
জ্যাকি আলমগীরকে দর্শক মূলত কৌতুকাভিনেতা হিসেবেই বেশি চেনেন। তার অভিনয়ে মেতে ওঠেন দর্শক। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয় করে আসা এই অভিনেতা দর্শককে হাসাতে ভালোবাসেন। বর্তমানে নিয়মিত সিনেমায় দেখা না গেলেও চলচ্চিত্র শিল্পী সমিতির চলতি কমিটিতে দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
সম্প্রতি এক আলাপচারিতায় ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন জ্যাকি আলমগীর। তার দাবি, ক্যারিয়ারের শুরুর দিকে শাকিব খানকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি চলচ্চিত্রের একটি নির্বাচনে তাকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি।
জ্যাকি আলমগীর বলেন, ‘শাকিব খানকে অনেক সংগ্রাম করতে হয়েছে। ক্যারিয়ারের শুরুতে সে যখন প্রথম ছবি করতে যায় তাকে বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। সময়ের পরিবর্তনে ধাপে ধাপে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে আজকের জায়গায় এসেছে সে।’
শাকিব খানকে লাঞ্ছিত করা হয়েছে দাবি করে এই অভিনেতা আরও বলেন, ‘শাকিব খান একটা নির্বাচনে মার খেয়েছে। এই ইন্ডাস্ট্রির মানুষেরাই করেছে সেটা। এই এফডিসিতেই। তাকে লাঞ্ছিত করা হয়েছে এটা সবাই জানেন। সেটা ছিলো একটা বাজে অধ্যায় আমাদের সিনেমার জন্য।’
বর্তমানে শাকিব খান নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন বলেও মন্তব্য করেন জ্যাকি। তার ভাষ্য, ‘শাকিব খান এখন আমাদের থেকে দূরে। পাঁচ-সাত বছর আগেও আমরা একসঙ্গে ছিলাম। এখন সে অন্য একটি প্ল্যাটফর্মে, তার নিজস্ব জগৎ আছে। তার মেধা, বুদ্ধি, ধন-সম্পদ সবই এখন আমার চেয়ে বেশি। তাই সে কেন আমার কথা শুনবে?’
শাকিব খানের বর্তমান অবস্থানকে নিজের একটি বিশ্লেষণ হিসেবে উল্লেখ করে জ্যাকি আলমগীর বলেন, ‘আমার মনে হয়, একদিন আমরা শাকিব খানকে লাঞ্ছিত করেছি, আজ সে প্রতিশোধ নিচ্ছে। আর সেটা সে করছে নিজেকে সবার চেয়ে উচ্চতায় প্রতিষ্ঠা করে। এটা আমার ভাবনা, শাকিবের নিজের কথা নয়। আমার এই ধারণা সত্য নাও হতে পারে।’
১৯৮২ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় করছেন জ্যাকি আলমগীর। দীর্ঘ অভিনয়জীবনে ‘লড়াকু’, ‘বজ্রমুষ্টি’, ‘আম্মাজান’, ‘প্রেম দিওয়ানা’ ও ‘কাবুলিওয়ালা’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।