Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

এক মাস পর গাড়ি-চালক আটক, পুলিশের তৎপরতা নিয়ে মেঘলার ক্ষোভ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

এক মাস পর গাড়ি-চালক আটক, পুলিশের তৎপরতা নিয়ে মেঘলার ক্ষোভ

বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া গাড়ি ও এর চালককে আটক করেছে বনানী থানা-পুলিশ। তবে দীর্ঘ এক মাস পর পুলিশের এই তৎপরতা এবং আটকের পর দ্রুত গাড়িটি আদালতে চালান করে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মেঘলা। 

গত ২৮ জুলাই রাতে ঢাকার বনানীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি মেঘলা মুক্তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পথচারী ও স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই অভিনেতা ও মেঘলার বন্ধু ইমতিয়াজ বর্ষণ বাদী হয়ে বনানী থানায় অভিযোগ করেন। দুর্ঘটনায় মুখ ও মাথায় গুরুতর আঘাত পান মেঘলা। প্রায় এক মাস আইসিইউ ও কেবিনে চিকিৎসাধীন থাকার পর মুখে একাধিক অস্ত্রোপচার শেষে সম্প্রতি বাসায় ফিরেছেন তিনি।

দুর্ঘটনার পর পুলিশের কার্যকর তৎপরতা না থাকার অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর মেঘলার বাবা বনানী থানায় নতুন করে মামলা করেন। এর দুই দিন পর, ৩ সেপ্টেম্বর রাতে পুলিশ গাড়ি ও চালককে আটকের বিষয়টি পরিবারকে জানায়। তবে পরদিন সকালেই গাড়িটি আদালতে চালান করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে মেঘলা প্রশ্ন তোলেন, এক মাস ধরে গাড়িটির নম্বর জানা থাকার পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নতুন করে মামলা ও ওপরমহলে চাপ দেয়ার পর মাত্র এক দিনের মধ্যে গাড়ি ও চালক আটক এবং পরদিন সকালে আদালতে চালান দেওয়ার কারণও জানতে চান তিনি।

মেঘলা আরও প্রশ্ন করেন, এত দ্রুত পদক্ষেপ নেওয়ার পেছনে কোনো বিশেষ কারণ আছে কি না এবং গাড়িটির মালিক কে। বনানী থানার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে গাড়ির মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের কোনো যোগাযোগ ছিল কি না, সে বিষয়েও ব্যাখ্যা দাবি করেন অভিনেত্রী।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মেঘলা জানান, কাউকে সরাসরি অভিযুক্ত করছেন না, তবে একজন ভুক্তভোগী হিসেবে এসব প্রশ্নের উত্তর জানার অধিকার তার রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার