Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

‘এখনই গান বন্ধ করে দাও’, নতুন প্রজন্মকে কেন বললেন জেমস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

‘এখনই গান বন্ধ করে দাও’, নতুন প্রজন্মকে কেন বললেন জেমস

বিজ্ঞাপন

গানের টানে তরুণ বয়সেই ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। সময়ের পরিক্রমায় সেই তরুণ হয়ে উঠেছেন দেশের রকসংগীতের অন্যতম আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। বয়স বাড়লেও মঞ্চে তার দাপট কমেনি। এখনও সমানতালে গান গেয়ে মাতিয়ে যাচ্ছেন শ্রোতাদের।

প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন জেমস। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে বর্তমানে তিনি অবস্থান করছেন সুইডেনে। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনের প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন এই রক তারকা।

কনসার্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন জেমস। পাশাপাশি কোনো কিছু পাওয়ার জন্য সংগীত করার কোনো মানে হয় না বলেও দাবি করেন তিনি। নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, ‘গান করতে হবে একদম প্যাশন থেকে, নেশা থেকে। কোনো প্রাপ্তির আশায় যদি কেউ মিউজিক করে, তবে আমি বলব, এখনই বন্ধ করে দাও।’

জানান, জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চান তিনি। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদেরও সংগীতের প্রতি ভালোবাসা ও নিষ্ঠা নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন।

আশির দশকের শুরুর দিকে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতে পথচলা শুরু জেমসের। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর কয়েক দশক ধরে তার গান মাতিয়েছে একের পর এক প্রজন্মের শ্রোতাকে।

সংবাদ সম্মেলনে নিজের দীর্ঘ সংগীতযাত্রার প্রসঙ্গ উঠলে জেমস বলেন, মঞ্চে উঠলে তার মনে হয়, শ্রোতারা এখনও আগের মতোই আছেন।

তিনি বলেন, ‘যখনই মঞ্চে দাঁড়াই, মনে হয় সবাই আগেরই শ্রোতা। এর মধ্যে যে সময় বয়ে যাচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে- এটা খেয়ালই করিনি। এখন মনে হয় অনেকগুলো জেনারেশনকে হয়তো গান শোনাতে পারছি।’

জেমস জানান, জীবনে কোনো কিছু পাওয়ার আশায় গান করেননি তিনি। ভালোবাসা, আবেগ ও প্যাশন থেকেই সংগীতকে বেছে নিয়েছেন। নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিও তার পরামর্শ, কোনো প্রাপ্তির আশায় সংগীতে আসা উচিত নয়।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, কোনো কিছু পাওয়ার জন্য মিউজিক করা ঠিক না। মিউজিক করতে হবে নিজের প্রশান্তির জন্য। এর মাধ্যমে যদি কিছু অর্জন হয়, সেটা ভিন্ন কথা। আজ যদি আমি কোনো কিছু নাও পেতাম, তাহলেও গানই করে যেতাম।’

গানকেই জীবনের শেষ পর্যন্ত সঙ্গী করে রাখতে চান জেমস। ভবিষ্যৎ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা না থাকলেও মঞ্চে গান গেয়ে যাওয়ার ইচ্ছা তার অটুট।

জেমস বলেন, ‘সংগীত নিয়ে আলাদা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। গান গেয়ে যাব, শেষ পর্যন্ত গাইতেই চাই। এমনকি শেষে গিয়ে যদি দেখি মাত্র একজন দর্শকও আছে, আমি তার জন্যও গান গেয়ে যাব।’

সুইডেনের কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে জেমসের দীর্ঘ ইউরোপ সফর। এরপর অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন তিনি। আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে আয়োজিত একটি বিশেষ কনসার্টে জেমসের সঙ্গে একই মঞ্চে গান করবেন পশ্চিমবঙ্গের ফসিলস ব্যান্ডের গায়ক রূপম ইসলাম।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার