বিজ্ঞাপন
‘পাপ ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই’ বক্তব্য নিয়ে মুখ খুললেন পপি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ এএম
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরেই লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। স্বামী-সন্তান ও সংসার নিয়ে রাজধানীর ধানমন্ডিতে থাকেন তিনি। সিনেমা সংশ্লিষ্ট বিষয়েও খুব একটা কথা বলতে দেখা যায় না তাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার নামে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে সেসব বক্তব্য তার নিজের নয় বলে জানিয়েছেন চিত্রনায়িকা পপি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডের দাবি অনুযায়ী পপি নাকি বলেছেন―যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর অভিনেত্রীর দাবিতে বক্তব্যটি অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। যা নিয়ে ইন্ডাস্ট্রির অনেক শিল্পীরা মন্তব্যও করেন। একপর্যায়ে বিষয়টি নজরে আসে পপির।
এ ব্যাপারে সোমবার (৩১ আগস্ট) দেশের একটি সংবাদমাধ্যমকে পপি জানান, তিনি কোথাও এ ধরনের কথা বলেননি; বরং চলচ্চিত্রে অভিনয় করে সম্মান, রাষ্ট্রীয় স্বীকৃতি ও দর্শকের ভালোবাসা পেয়েছেন।
এ চিত্রনায়িকার ভাষ্য―আমি কোথাও কিন্তু এমন কথা বলিনি। বরং, সিনেমা করে সুনাম, সম্মান, রাষ্ট্রীয় সম্মান এবং দর্শকের ভালোবাসা পেয়েছি। আবার ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা ও সহযোগিতাও পেয়েছি।
তার মতে, ভুল কথাকে ভুলভাবে ব্যাখ্যা করে উপস্থাপন করে কোনো শিল্পীকে কখনো ছোট করা ঠিক নয়। পপি বলেন, অন্তত একজন শিল্পীকে ভালো বাসতে না পারি, তবে তার সম্পর্কে বাজে কথা ছড়িয়ে তার মানহানি করতে পারি না কেউ। এমনটা করার অধিকার নেই কারও। এ ধরনের কথা যারা ছড়ায়, তাদের যেন হেদায়েত করেন মহান আল্লাহ।
এছাড়াও পপি একপর্যায়ে সংবাদমাধ্যমটিকে বলেন, সিনেমা বরাবরই আমার কাছে সম্মানের জায়গা। জীবিকার প্রয়োজনে অভিনয় করেছি এবং সেই কাজের মাধ্যমে সম্মান ও ভালোবাসা পেয়েছি। এটি আমার পেশা। অভিনয়ের মাধ্যমে যে সম্মান ও সম্মানী পেয়েছি, তা দিয়ে যেমন আমার সংসার চলেছে; আবার দেশ-বিদেশের মানুষের কাছ থেকে সম্মান ও ভালোবাসাও পেয়েছি আমি।
সবশেষ ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে এ অভিনেত্রী অনুরোধ করেন, অন্য কারও মনগড়া কথায় যেন ভুল বোঝা না হয় তাকে। তিনি বলেন, মৃত্যুর আগপর্যন্ত আমার মুখ থেকে সিনেমার মানুষদের নিয়ে কোনো বাজে শব্দ বের হবে না। কেননা, আমি যতদিন কাজ করেছি, সম্মানের সঙ্গে সবার ভালোবাসা নিয়ে কাজ করেছি।