বিজ্ঞাপন
৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগ, যা বললেন জেমসের ম্যানেজার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম
বিজ্ঞাপন
ইতালির রোমে বাংলাদেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমসের ব্যান্ড ‘নগরবাউল’র বিরুদ্ধে ৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগ করেছেন এক বাংলাদেশি কনসার্ট আয়োজক। অভিযোগের বিষয়টি সামনে আসার পর জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করবেন তারা।
শুক্রবার (২১ আগস্ট) রাতে ভেনিস থেকে একটি গণমাধ্যমকে রবিন বলেন, ‘যে কেউ যে কারও নামে অভিযোগ করতেই পারেন। এর মানে এই নয় যে অভিযোগ মানেই প্রমাণিত হয়ে গেছে সব। যেহেতু বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার অংশ, আমরা তা আইনিভাবেই মোকাবিলা করব।’
জানা গেছে, রোমের অ্যাচিলিয়া এলাকার কারাবিনিয়েরি পুলিশ স্টেশনে বৃহস্পতিবার (২১ আগস্ট) লিখিত অভিযোগ করেন বাংলাদেশি কনসার্ট আয়োজক আবুল মোয়াজ।
অভিযোগের নথিতে বলা হয়েছে, রোম ও ভেনিসে কনসার্ট আয়োজনের জন্য ‘নগরবাউল’ জেমসের দলকে মোট ৩৫ হাজার ইউরো দেওয়া হয়েছিল। ওই অর্থ দেওয়ার বিষয়টি জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিনের সঙ্গে করা চুক্তি বা সমঝোতার সঙ্গে সম্পর্কিত বলেও উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগপত্রে জেমস নিজে ওই অর্থ গ্রহণ করেছেন কিংবা ব্যক্তিগতভাবে প্রতারণা করেছেন-এমন কোনো তথ্য নেই।
অভিযোগের বিষয়ে রবিন আরও বলেন, ‘এটি পুলিশের কাছে করা একটি অভিযোগ। অভিযোগ গ্রহণ করা হয়েছে মানেই তা প্রমাণিত হয়েছে বা আদালত কোনো রায় দিয়েছেন, এমন নয়। আর আমি তো আগেই বলেছি, আমরা যদি চুক্তি ভঙ্গ করি, আমাদের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নিতে পারে।’
বর্তমানে ইতালিতে অবস্থান করছে ‘নগরবাউল’। আগামীকাল (২৩ আগস্ট) ভেনিসে ব্যান্ডটির কনসার্ট হওয়ার কথা রয়েছে। সেই অনুষ্ঠান নিয়েই ব্যস্ত থাকার কথা জানিয়ে রবিন বলেন, ‘আমরা এখন ২৩ তারিখ ভেনিস কনসার্ট নিয়েই ব্যস্ত। অন্য কোনো কিছু নিয়ে এখন ভাবছি না।’
এদিকে ৩৫ হাজার ইউরো নিয়ে করা অভিযোগের বিষয়ে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর থাকবে। তবে অভিযোগ করা হয়েছে মানেই তা প্রমাণিত- এমন নয়। বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।