Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ডিপজল-ডলি জহুরকে নিয়ে সালমানের মা নীলা চৌধুরীর বিস্ফোরক মন্তব্য

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:৩৮ এএম

ডিপজল-ডলি জহুরকে নিয়ে সালমানের মা নীলা চৌধুরীর বিস্ফোরক মন্তব্য

বিজ্ঞাপন

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলাকে ঘিরে আবারও সরব হয়েছেন তার মা নীলা চৌধুরী। ছেলের হত্যার বিচার দাবি করে এবার চলচ্চিত্রের খল অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুকে নিয়ে কথা বলেছেন তিনি। মামলার তদন্তে সংশ্লিষ্ট আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও মনে করেন নীলা।

গত ১০ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে আটক করা হয়। তাকে আটক করতে ডিপজল সহযোগিতা করেছেন বলে আলোচনা রয়েছে। ডিপজলের সঙ্গে নীলা চৌধুরীর সরাসরি কথা না হলেও, মামলার স্বার্থে তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে মনে করেন সালমানের মা।

এ বিষয়ে নীলা চৌধুরী বলেন, ‘ডিপজলকেও ডাকা দরকার। এই মামলায় ডিপজলকে সাক্ষীর জন্য ডাকা দরকার। কারণ, সে ফিল্মের মানুষ, অনেক কিছু জানে বলেই তো ধরিয়ে দিয়েছে। সে (ডন) যে দেশ ছাড়ছে, সেটা তো সে জানত। অপরাধী মনে না করলে তো সে ধরিয়ে দিত না।’

সালমান শাহ হত্যার সময় ডিপজলসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই নিয়মিত কাজ করতেন উল্লেখ করে নীলা বলেন, সে সময়ের বিভিন্ন ঘটনা সম্পর্কে তাদের জানাশোনা থাকতে পারে। তাই মামলায় ডিপজল কিছু জানলে তা সাক্ষী হিসেবে তদন্তকারীদের জানানো উচিত।
তিনি বলেন, ‘ইমনকে (সালমান শাহ) যখন হত্যা করা হয়, তখন তো ডিপজলরা নিয়মিত কাজ করছিলেন। সিনেমার অনেক ঘটনাই তো তাদের জানা ছিল। সে তো আগের পরের অনেক কিছুই জানতে পারে। যে কারণে ভালো-মন্দ যা-ই হোক, সে কিছু জানতে পারে। আমার প্রশ্ন, যদি কিছু জেনে থাকে, তাহলে সেটা সাক্ষী হয়ে কথা বলুক। এটা তো মামলার জন্য সহায়তা করা হয়। যে কারণে আমি মনে করি তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করার দরকার।’
ডনকে আটক করতে সহযোগিতা করায় ডিপজলকে ধন্যবাদও জানিয়েছেন নীলা চৌধুরী।

শুধু ডিপজল নয়, মামলার তদন্তে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছেন সালমানের মা। এ ক্ষেত্রে অভিনেত্রী ডলি জহুরের নামও উল্লেখ করেছেন তিনি। নীলার দাবি, সালমান শাহ হত্যার দিন কী ঘটেছিল, সে বিষয়ে ডলি জহুর অনেক কিছু জানতেন এবং বিভিন্ন সময়ে গণমাধ্যমেও এ নিয়ে কথা বলেছেন।

নীলা বলেন, ‘যেদিন ইমনকে হত্যা করা হয়, সেদিন ডলি জহুরও তো ঘটনা সম্পর্কে অনেক কিছু জানত। ওই দিন কী কী হয়েছিল, সেই সম্পর্কে বিভিন্ন সময় ডলি জহুর গণমাধ্যমে কথা বলেছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। সামিরার সঙ্গে তার কতটা যোগাযোগ ছিল, বের করা দরকার।’

এ সময় ডলি জহুর ও বাদল খন্দকারসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে নীলা বলেন, ‘ডলি জহুর, বাদল খন্দকার—এরা অনেক কিছু জানে। তাদের সত্যটা প্রকাশ করা। প্রয়োজন মনে করলে এদের মধ্যেও কাউকে আমি আসামিও করতে পারি। ডলি জহুর আসামি হতে পারে। এদের অনেকেই সালমান শাহকে বিরক্ত করেছে।’

এদিকে সম্প্রতি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন হক ভোট দিয়েছেন বলেও অভিযোগ করেন নীলা চৌধুরী। একজন হত্যা মামলার আসামি কীভাবে এফডিসিতে এসে নির্বাচনে অংশ নিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নীলা চৌধুরী বলেন, ‘একজন হত্যা মামলার আসামি কীভাবে এফডিসিতে এসে ভোট দেয়। তাকে অনেকেই সহায়তা করছে। এদের ধরতে হবে।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানুর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘শিবা শানুরা ডনকে বরণ করে নিয়েছিল। এখানে ডনকে প্রশ্রয় দিচ্ছে কারা? যেখানে ডনকে পুলিশের কাছে তুলে দেওয়া উচিত ছিল, সেখানে এফডিসির নির্বাচনে ডনকে বরণ করে নেওয়াটা বোঝায় এদের ছত্রছায়ায় ডন থাকত।’

ডন হককে আটকের পর সালমান শাহর মামা কুমকুমকেও হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নীলা চৌধুরী। পাশাপাশি সালমান শাহর ভক্তদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘আমার ভাইকে তো বহু দিন ধরে হুমকি দেওয়া হচ্ছে। সেটা এখন আবার বাড়ছে। অন্যদিকে সালমানের ভক্তদেরও হুমকি দেওয়া হচ্ছে। সেগুলোর স্ক্রিনশট আমার কাছে আছে। এসব হুমকি দিয়ে কোনো কিছু থামানো যাবে না। বাকি আসামিদের গ্রেপ্তার করে দ্রুত এই হত্যার বিচার করতে হবে।’

সালমান শাহ হত্যার বিচার দ্রুত শেষ করার দাবিতে সম্প্রতি মানববন্ধন করেছে সালমান শাহ ভক্ত ঐক্যজোট। দেশের ৬৪ জেলার ভক্তরা ঢাকার প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করার দাবি জানান।
ভক্ত ঐক্যজোটের অন্যতম সমন্বয়ক সাজিদ কামাল বলেন, ‘আমাদের চাওয়া ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে আরও তথ্য বেরিয়ে আসবে। এ ছাড়া হত্যা মামলার আসামি সামিরা এখনো গ্রেপ্তার হয়নি। তাকেসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সাজা দিতে হবে। তা না হলে আমরা শিগগির দেশের ৬৪ জেলায় সালমান শাহ ভক্তরা আবার মানববন্ধন করব। এ হত্যাকাণ্ডের বিচার হতেই হবে।’

উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করা হয়। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন-সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ। দীর্ঘদিনের আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবিতে সরব রয়েছেন সালমান শাহর পরিবার ও ভক্তরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার