বিজ্ঞাপন
ইতালিকে কনসার্ট ঘিরে বিতর্ক, অভিযোগ নিয়ে মুখ খুললেন জেমসের ম্যানেজার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম
বিজ্ঞাপন
ইতালির রোমে ‘হোটেল অ্যান্ড রেসিডেন্স আই ট্রায়াঙ্গোলি’তে বাংলাদেশের প্রখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দলের বিরুদ্ধে হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ উঠেছে।
হোটেল কর্তৃপক্ষের দাবি, ১৯ আগস্ট ২০২৬ তারিখে অতিথিরা চেকআউট করার পর ৫৪৯ নম্বর রুমটি অত্যন্ত বিশৃঙ্খল ও ‘ভয়াবহ’ অবস্থায় পাওয়া যায়, যার কারণে ২০০ ইউরো জরিমানা ধার্য করা হয়।
একই সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই তারা হোটেল ত্যাগ করেছেন বলেও ই-মেইলে অভিযোগ করে হোটেল কর্তৃপক্ষ।
এই বিতর্কের মুখে জেমসের বিজনেস ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন অভিযোগটিকে ‘তুচ্ছ ঘটনা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করেন যে, ব্যান্ড দল মোট চারটি রুমে অবস্থান করছিল।
জেমস নিজে ছিলেন ৩৪৫ নম্বর রুমে এবং তিনি নিজে ২৪৬ নম্বর রুমে ছিলেন। অভিযুক্ত ৫৪৯ নম্বর রুমে এক মিউজিশিয়ান অবস্থান করছিলেন, তাই একজনের ভুলের দায় জেমসের ওপর চাপানো যৌক্তিক নয়।
নিয়ম না মেনে হোটেল ছেড়ে যাওয়ার বিষয়টি পুরোপুরি নাকচ করে রবিন জানান, ইতালি থেকে পাসপোর্ট জমা না দিয়ে বা রিসেপশনে যোগাযোগ না করে চলে আসা অসম্ভব।
তারা স্বাভাবিক নিয়মেই চাবি জমা দিয়ে বের হয়েছেন এবং ভক্তদের বিদায় নিয়ে সেখান থেকে রওনা হয়েছেন, যদিও আয়োজকদের পক্ষ থেকে সেখানে কেউ উপস্থিত ছিলেন না।