বিজ্ঞাপন
রোমের হোটেলে জেমসের টিমের বিরুদ্ধে অগোছালো কক্ষ রেখে যাওয়ার অভিযোগ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৩২ এএম
বিজ্ঞাপন
রোমে কনসার্ট শেষে দেশে ফেরার আগে অনাকাঙ্ক্ষিত এক বিতর্কে জড়ালেন জনপ্রিয় ব্যান্ড ‘নগর বাউল’-এর প্রধান ভোকালিস্ট জেমস ও তার সফরসঙ্গীরা। ইতালির রোমের একটি হোটেলে অবস্থানকালে কক্ষ অগোছালো ও অপরিষ্কার করে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। হোটেল কর্তৃপক্ষকে না জানিয়েই তারা কক্ষ ত্যাগ করেছেন বলেও দাবি করা হয়েছে।
গত রোববার (১৬ আগস্ট) রোমে একটি কনসার্টে অংশ নেন জেমস ও তার দল। এ সময় তারা স্থানীয় বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন। কনসার্ট শেষে তারা হোটেল ছেড়ে যাওয়ার পরই বিষয়টি নিয়ে অভিযোগ ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয় আয়োজক প্রতিনিধি হোসাইন আহমেদ মোয়াজের মধ্যকার একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেখানে হোটেল কর্তৃপক্ষ অ্যাপার্টমেন্টটির কয়েকটি ছবি পাঠিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বলে দেখা যায়। ছবিগুলোতে মেঝেতে ব্যবহৃত পানির বোতল ও বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে থাকতে দেখা যায়। রান্নাঘরের সিঙ্কে অপরিষ্কার থালা-বাসনের পাশাপাশি ভাঙা কাঁচা ডিম পড়ে থাকতে দেখা গেছে।
হোটেল কর্তৃপক্ষের বার্তায় দাবি করা হয়, অতিথিরা কক্ষ ত্যাগ করার পর সেটির অবস্থা গ্রহণযোগ্য ছিল না। কক্ষটি পরিষ্কার করার জন্য অন্তত ২০০ ইউরো অতিরিক্ত ফি দেওয়ার কথাও জানানো হয়েছে। একই সঙ্গে বকেয়া পরিশোধ না করা পর্যন্ত ভবিষ্যতে ওই হোটেলে পুনরায় কক্ষ বুকিংয়ের সুযোগ থাকবে না বলেও জানানো হয়।
অন্যদিকে জেমসের ম্যানেজার রবিন মাহমুদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন ইতালির অনুষ্ঠান আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ। তার দাবি, কনসার্টের অগ্রিম অর্থ ও টিকিট বিক্রির অর্থের হিসাব নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং রবিন এসব অর্থের হিসাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
এ ছাড়া অবৈধ হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠানোর অভিযোগও করেছেন ওই আয়োজক। তবে এসব অভিযোগের বিষয়ে রবিন মাহমুদ বা জেমসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার একপর্যায়ে রোমের একটি হোটেলে ইতালীয় পুলিশ এসে বিষয়টি নিয়ে কথা বলেছে বলেও দাবি করেছেন আয়োজক। পরবর্তীতে জেমস ও রবিন কাউকে কিছু না জানিয়েই হোটেল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে। একই ধরনের ঘটনা পর্তুগালেও ঘটেছে বলে দাবি করেছেন হোসাইন আহমেদ মোয়াজ।