বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কলকাতার চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। অভিনয় ও কাজ নিয়েই সাধারণত ব্যস্ত থাকেন তিনি; রাজনৈতিক বা সামাজিক কোনো বিষয়ে প্রকাশ্যে তাকে খুব একটা সরব হতে দেখা যায় না।
তবে সম্প্রতি কলকাতার রাজপথে একদমই ভিন্ন এক ভূমিকায় দেখা গেল এই জনপ্রিয় অভিনেত্রীকে। নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি মিছিলে সরাসরি হেঁটে ও কণ্ঠ মিলিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতার রাজপথকে নারীদের জন্য আরও নিরাপদ করার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের রাজনীতিক ও নারী বিধায়কদের পাশাপাশি এতে সাধারণ মানুষ ও সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের বড় একটি অংশ যোগ দেন।
মিছিলে জয়া আহসানের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী এবং পৌষালীসহ আরও অনেকে।
রাজপথে হাঁটতে হাঁটতে তারা নারীদের নিরাপত্তার দাবিতে নানা স্লোগান দেন এবং সমবেত কণ্ঠে গেয়ে ওঠেন কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘কারার ঐ লৌহ কপাট’।
মিছিলের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই জয়া আহসানকে ঘিরে নতুন চর্চা শুরু হয়েছে। বিশেষ করে, বাংলাদেশের নাগরিক হয়ে কলকাতার একটি স্থানিক কর্মসূচিতে তার অংশ নেওয়া নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সমালোচকদের একাংশের মতে, অন্য দেশের রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার আগে তারকাদের ভাবনাচিন্তা করা প্রয়োজন।
অন্যদিকে, অনেকেই জয়ার সমর্থন করে বলছেন যে- নারীর নিরাপত্তা কোনো নির্দিষ্ট দেশের সীমানায় সীমাবদ্ধ নয়, এটি একটি সার্বজনীন দাবি। একজন শিল্পী হিসেবে এমন ইতিবাচক পদে এগিয়ে আসা প্রশংসনীয়।