Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ফের লন্ডনের পথে ইলিয়াস কাঞ্চন, রেখে গেলেন একটি আবদার

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম

ফের লন্ডনের পথে ইলিয়াস কাঞ্চন, রেখে গেলেন একটি আবদার

বিজ্ঞাপন

অসুস্থতার সঙ্গে লড়ছেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। টানা ১৫ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিয়েছেন। কিন্তু আশানুরূপ সুস্থতা আসেনি। ৩ আগস্ট দেশে এসেছিলেন কয়েকটা দিনের জন্য। দেশ ও সতীর্থদের জন্য মন পুড়ছিল। এই ছোট্ট সফর সেরে চিকিৎসার জন্য ফের লন্ডনে উড়াল দিলেন কাঞ্চন।

আজ সকাল ১০টায় লন্ডনের ফ্লাইট ধরেছেন অভিনেতা। খবরটি জানিয়েছেন তার গড়া সংস্থা ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। দেশে থাকার বেশিরভাগ সময়ে তিনি ছিলেন অভিনেতার পাশে।

লিটন এরশাদ জানান, যাওয়ার আগে ইলিয়াস কাঞ্চন বারবার শুধু একটি আবদারই করেছেন, তার জন্য দোয়া করতে; আর নিরাপদ সড়কের জন্য কাজ করে যেতে।

মঙ্গলবার রাতেও ইলিয়াস কাঞ্চনের বাসায় ছিলেন লিটন এরশাদ। মধ্যরাতে সে সময়ের একটি মুহূর্ত শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘১২ আগস্ট সকাল ১০টায় ফ্লাইট। গুলশানের বাসা থেকে ভোরেই এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবেন সড়কের মহানায়ক। বিদায় জানাতে গেলাম; এই অবস্থায় সংগঠন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা বিষয় নিয়ে আলাপ করলেন, দিলেন নির্দেশনাও। লিডার, কথা দিলাম আপনার সকল নির্দেশনা মোতাবেকই কাজ হবে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, সুস্থ হয়ে আপনি দ্রুত ফিরে আসুন। সবাই দোয়া করবেন সড়কের মহানায়কের জন্য।’ 

উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন। হয়ে গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। গত বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে টিউমার পুরোপুরি অপসারণ করা যায়নি। পরে জানা যায়, ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেতা। সেই থেকে চলছে কেমো থেরাপি ও ওরাল থেরাপি। এবার গিয়ে চিকিৎসকের নির্দেশনা মোতাবেক পরবর্তী চিকিৎসা নেবেন কাঞ্চন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার