Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

সুচন্দার অনুরোধে যে গান গাইলেন ইলিয়াস কাঞ্চন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:৫৬ এএম

সুচন্দার অনুরোধে যে গান গাইলেন ইলিয়াস কাঞ্চন

বিজ্ঞাপন

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর থেকেই সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গুলশানের বাসায় তাকে দেখতে যান বরেণ্য অভিনেত্রী সুচন্দা ও তার ছোট বোন চম্পা। দীর্ঘদিন পর প্রিয় সহকর্মীদের কাছে পেয়ে জমে ওঠে আড্ডা। একপর্যায়ে সুচন্দার অনুরোধে গানও শোনান ইলিয়াস কাঞ্চন।

শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে গুলশান-১ নম্বরের ১৩৬ নম্বর রোডে ইলিয়াস কাঞ্চনের বাসায় যান সুচন্দা ও চম্পা। তাদের সঙ্গে ছিলেন পরিচালক গাজী মাহবুবসহ চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন।

তখন মাগরিবের নামাজ শেষে ঘুমিয়ে ছিলেন ইলিয়াস কাঞ্চন। প্রায় রাত ৯টার দিকে ছেলে জয় তাকে শোবার ঘর থেকে বসার ঘরে নিয়ে আসেন। সেখানে সুচন্দা ও চম্পাকে দেখেই যেন চমকে ওঠেন তিনি। এরপর মুখে ফুটে ওঠে হাসি। দীর্ঘ অসুস্থতার ক্লান্তি ছাপিয়ে প্রিয় মানুষদের কাছে পাওয়ার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেতা।

শুরুতেই কাঞ্চনের হাতে ফুলের তোড়া তুলে দেন সুচন্দা ও চম্পা। এরপর শুরু হয় পুরোনো দিনের গল্প। দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে কথা বলতে বলতে ফিরে আসে চলচ্চিত্রজীবনের নানা স্মৃতি।

এরপর সুচন্দা ও চম্পাকে দুই পাশে বসিয়ে পুরোনো দিনের আড্ডায় মেতে ওঠেন ইলিয়াস কাঞ্চন। কথার ফাঁকে উঠে আসে তার কর্মময় জীবনের নানা স্মৃতি। প্রসঙ্গ আসে সুচন্দা প্রযোজিত ‘তিনকন্যা’ সিনেমারও। এই সিনেমায় অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন।

অনেককেই চিনতে পারছেন না ইলিয়াস কাঞ্চন
আড্ডার একপর্যায়ে সুচন্দার অনুরোধে গান ধরেন ইলিয়াস কাঞ্চন। গেয়ে শোনান ‘অচেনা’ সিনেমার জনপ্রিয় গান ‘আর যাব না আমেরিকা’। গান গাওয়ার সময় তার সঙ্গে ঠোঁট মেলান সুচন্দা ও চম্পা। এরপর আরও কয়েকটি গান শোনান তিনি।

গান, হাসি আর স্মৃতিচারণায় তখন পুরো বাড়িতেই তৈরি হয় অন্যরকম পরিবেশ। মনে হচ্ছিল, দীর্ঘ অসুস্থতার সময় পেরিয়ে কয়েক ঘণ্টার জন্য হলেও চলচ্চিত্রের ব্যস্ত সেই দিনগুলোতে ফিরে গেছেন ইলিয়াস কাঞ্চন ও তার সহকর্মীরা।

এর মধ্যে একে একে চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন সেখানে উপস্থিত হন। ছিলেন অভিনয়শিল্পী সুব্রত, জ্যাকি আলমগীর ও প্রযোজক নেতা খোরশেদ আলম। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে যান জয় চৌধুরী ও আবীর চৌধুরী।

চম্পা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন জমজমের পানি। নিজের হাতে সেই পানি ইলিয়াস কাঞ্চনকে পান করান তিনি। পাশাপাশি কয়েকটি পাঞ্জাবিও উপহার দেন। পাঞ্জাবিগুলো এবার লন্ডনে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ করেন চম্পা।

এর আগে গত ৩ আগস্ট যুক্তরাজ্যে ১৫ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। জনপ্রিয় এই চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন।

ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর লন্ডনে তার চিকিৎসা চলছিল। গত বছরের আগস্টে সেখানকার একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকেরা তাকে ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান।

অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি চলে ওরাল থেরাপি। পারিবারিক সূত্রে জানা যায়, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় তাকে ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে। এরপর প্রথম ধাপের তিন মাসের ওরাল থেরাপি শেষ করে আরও তিন মাসের দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি নেন তিনি। সব মিলিয়ে কয়েক ধাপে প্রায় শতাধিক কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে।

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার পর থেকেই সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তাকে দেখতে গুলশানের বাসায় গেছেন বরেণ্য অভিনেতা আলমগীর, অভিনেত্রী রোজিনা, আনোয়ারা, আনোয়ারার মেয়ে মুক্তি, দিতির মেয়ে লামিয়া চৌধুরীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে।

তবে শনিবার রাতের আড্ডাটি ছিল কিছুটা আলাদা। প্রিয় সহকর্মীদের কাছে পেয়ে ইলিয়াস কাঞ্চনের মুখে ছিল হাসি, কণ্ঠে ছিল গান। সুচন্দার অনুরোধে গাওয়া সেই গান যেন আরও একবার ফিরিয়ে আনল চলচ্চিত্রের পুরোনো দিনের স্মৃতি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার