বিজ্ঞাপন
সব গুঞ্জন মিথ্যা প্রমাণ করে পর্দায় হাজির হলেন ওমর সানী-মৌসুমী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম
বিজ্ঞাপন
ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী। পর্দায় দু’জনের উপস্থিতিতে বরাবরই দর্শকের আলাদা ভালো লাগা কাজ করে। দু’জনই অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিতে। আর অভিনয় দক্ষতাগুণে দর্শকের মণি কোঁঠায় অবস্থান তাদের।
ওমর সানী ও মৌসুমী পর্দার বাইরে বাস্তবজীবনেও জুটি। ১৯৯৬ সালে ভালোবেসে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। তারপর থেকে একসঙ্গেই আছেন। সংসারে দুই সন্তান- একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ফলে ইন্ডাস্ট্রির তারকা জুটির মধ্যে সফল জুটি ছাড়াও আদর্শজুটি হিসেবে তাদের নিয়ে আলোচনা ও চর্চা হয় সিনেমাপ্রেমী ও ভক্ত-শুভাকাঙ্ক্ষী মহলে।
এদিকে এই তারকা জুটিকে নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক চর্চা করতে দেখা যায় নেটিজেনদের একাংশদের। কখনো কখনো এমনটাও দাবি করা হয়―তাদের নাকি বিচ্ছেদ হয়েছে! যদিও যতবারই এ গুঞ্জন ওঠেছে ততবারই বিষয়টি মিথ্যা ও ভুয়া বলে জানিয়েছেন ওমর সানী। এবার স্বামী-স্ত্রী দু’জন একসঙ্গে চ্যানেল 24-এর পর্দায় হাজির হয়ে সেই গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করলেন তারা।
চ্যানেল 24-এর একটি অনুষ্ঠানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে হাজির হয়ে বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দল নিয়ে কথা বলেছেন প্রিয়দর্শিনী মৌসুমী। এ সময় ওমর সানীও কথা বলেন, দু’জনই জানান তাদের পছন্দের দল ব্রাজিল। এরপরই নিজেদের মধ্যকার সম্পর্কের গভীরতা নিয়ে কথা বলেন তিনি।
এ অভিনেতা আলোচনার শুরুতেই বলেন―
‘অনেকেই তো অনেক কথা বলেন, আজ আমি বলব তাকিয়ে একটু দেখেন ওমর সানী-মৌসুমীকে। আমার কাছে তো ভালো লাগছেই। কারণ, মৌসুমী আছে যুক্তরাষ্ট্রে, আমি বাংলাদেশে, আমার ছেলে দুবাইতে, মেয়ে যুক্তরাষ্ট্রে। কিন্তু এই যে কম্বাইনড, যদি ভালোবাসা সুন্দর থাকে নাহ্, মধুর থাকে নাহ্; তাহলে দূরত্ব কোনো ম্যাটার বলে আমি ফিল করি না।’
এ তারকা ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মহাতারকা খেলোয়াড় লিওনেল মেসিকে নিয়েও কথা বলেন। ওমর সানী বলেন, আমি যেহেতু ব্রাজিল সাপোর্টার, অলটাইম গ্রেট, রিয়েলি ফেবুলাস। আর যেভাবে আর্জেন্টিনা খেলছে, আমি মনে করি আর্জেন্টিনা মানেই হচ্ছে মেসি। সে একাই দলটিকে ফাইনালে নিয়ে যাচ্ছে।
ওমর সানী আরও বলেন, যদি কোনো সমীকরণ এমন হয় যে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো, তাহলে আমি বলব এটা মেসি চ্যাম্পিয়ন হয়েছে। এ রকম একটি ঘটনা এর আগে পেলের ব্যাপারে হয়েছিল। তিনবার সে বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়নের অংশীদার হয়েছিল। তবে মেসি হলে গেলে আমার খারাপ লাগবে না। কিন্তু ব্রাজিল আসতে (ফাইনাল) পারেনি বলে একটু তো খারাপ লাগবেই। এটা বাস্তবসম্মত কথা।
প্রসঙ্গত, ১৯৯২ সালে নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় ওমর সানীর। তারপর কয়েকটি সফল সিনেমা উপহার দিয়েছেন। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে রোমান্টিক ও অ্যাকশন নায়কের খ্যাতি লাভ করেছেন। ২০০৩ সালে ‘ওরা দালাল’ সিনেমায় খল-অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন।