বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে করা একটি পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়া অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট উধাও । ইতোমধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন শাওনের বন্ধু লেখক তামান্না সেতু। তার দাবি, প্রচুর রিপোর্টের কারণে অ্যাকাউন্টটি ফেসবুক কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে।
রোববার (০৫ জুলাই) শাওনের বরাত দিয়ে তামান্না সেতু নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি লেখেন, ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তার যে পোস্টটিকে ঘিরে আলোচনা তৈরি হয়, সেই পোস্টটিও সে নিজে ডিলিট করেনি।’
এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দেয় রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম, আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোমিন মেহেদী, সাংবাদিক আনিস আলমগীর, মারিয়া কিসপট্টা ও অভিনেত্রী শামীমা তুষ্টি।
অভিযোগকারী রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেনের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও ভিডিও তাদের নজরে আসে। পরে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়।
লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে জুলাই আন্দোলন, আন্দোলনের অংশগ্রহণকারী এবং শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন, অপপ্রচার চালানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।
অভিযোগকারী এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন।
অন্যদিকে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।