Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত জোভান, সর্বশেষ যা জানা গেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত জোভান, সর্বশেষ যা জানা গেল

বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তাঁর স্ত্রী সাজিন আহমেদ নির্জনা। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। তথ্যটি নিশ্চিত করেছেন জোভান নিজেই।

জানা গেছে, ঈদের পর কাজের ব্যস্ততা কমিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে কক্সবাজারে গিয়েছিলেন জোভান। সেখানে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় স্কুটি দুর্ঘটনার শিকার হন তারা।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে জোভান বলেন, “আমি নিজেই বাইক চালাচ্ছিলাম, এটি একটা স্কুটি ছিল। আমার স্ত্রী পেছনে বসেছিল। আমরা মেরিন ড্রাইভ রোডের হিমছড়িতে ছিলাম। বাইক চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমাদের সামনে থাকা একটি সিএনজি কোনো সিগন্যাল না দিয়ে দ্রুত ইউটার্ন নেয়। এমন অবস্থায় হঠাৎই ব্রেক করতে গিয়ে আমরা দুজনই রাস্তায় পড়ে যাই।”

গত ১১ জুন এ দুর্ঘটনা ঘটে। এতে জোভান ও তাঁর স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তাদের হাত-পা ছুলে যায় এবং কয়েকটি স্থানে জখম হয়। দুর্ঘটনার পরদিন তারা ঢাকায় ফিরে চিকিৎসা শুরু করেন।

এখনও নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে জানিয়ে জোভান বলেন, “আমরা উভয়েই শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পাই। আমার স্ত্রীও আহত হয়। আমাদের হাত ও পা ছুলে যায়। কিছু জায়গায় জখম হয়। পরের দিন আমরা ঢাকায় ফিরি। এখন নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে।”

শারীরিক অবস্থার কারণে আপাতত সব ধরনের শুটিং থেকে বিরত রয়েছেন এই অভিনেতা। আগে থেকে নির্ধারিত কয়েকটি কাজও স্থগিত করা হয়েছে।

জোভান বলেন, “চিকিৎসকের কথামতো এখন নিয়মিত বিশ্রাম নিতে হবে। পুরো সেরে উঠলেই অন্য কিছু।”

দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। জোভানের ভাষায়, “দুর্ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।”

দূর্ঘটনার পর জোভান সকলকে ট্রাফিক আইন মেনে চলতে বিশেষ অনুরোধ জানিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার